রামগঞ্জে চোর সন্দেহে ১ ব্যাক্তিকে পিটিয়ে হত্যা

লক্ষ্মীপুরের রামগঞ্জে চোর সন্দেহে নজরুল ইসলাম (৩৫) নামে এক ব্যক্তিকে পিটিয়ে হত্যা করেছে স্থানীয়রা। এ সময় চোরের দলের ছুরিকাঘাতে রামগঞ্জ পৌর কার্যালয় মসজিদের ইমাম মোস্তাফিজুর রহমান মারাত্মক আহত হয়েছেন।

মৃত নজরুল ইসলাম একই গ্রামের মৃত খলিলুর রহমানের ছেলে। ঘটনাটি ঘটেছে মঙ্গলবার ভোরে রামগঞ্জ উপজেলার দরবেশপুর ইউনিয়নের জগৎপুর গ্রামের ফকির মোহাম্মদ মিঝি বাড়িতে।স্থানীয় লোকজন ও হাসপাতালে আহত মোস্তাফিজুর রহমান জানান, মঙ্গলবার ভোরের দিকে ফকির মিঝি বাড়ির মাহাবুবুর রহমান, মোশাররফ হোসেন ও মোবারক হোসেনের ঘরে চোরের দল সিঁধ কেটে ঢুকে ঘরের মূল্যবান মালামাল লুটে নেয়।

রাত প্রায় ৩টায় একই বাড়ির তার টিনশেড বসতঘরের মাটি খুঁড়ে চোরের দল প্রবেশ করে। এ সময় গৃহকর্তা মোস্তাফিজুর রহমান টের পেয়ে চোর নজরুল ইসলামকে জড়িয়ে ধরে চিৎকার দেয়। এমতাবস্থায় চোরের দলের অন্য সদস্যরা মোস্তাফিজুর রহমানকে এলোপাতাড়ি ছুরিকাঘাত করে পালিয়ে যাওয়ার চেষ্টা করলে স্থানীয় লোকজন ছুটে এসে ঘরটি ঘেরাও করে চোর নজরুল ইসলামকে হাতেনাতে ধরে গনপিটুনি দেয়।

খবর পেয়ে রামগঞ্জ থানা পুলিশের এসআই মাসুদ রানা ও হুমায়ুন কবীর ঘটনাস্থলে গিয়ে মঙ্গলবার সকাল ৯টায় মারাত্মক আহতাবস্থায় চোর নজরুল ইসলামকে উদ্ধার করে রামগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসলে কর্তব্যরত চিকিৎসক রওশন জামিল নজরুল ইসলামকে মৃত ঘোষণা করেন।

স্থানীয় ইউপি চেয়ারম্যান মিজানুর রহমান জানান, পিটুনিতে নিহত নজরুল ইসলাম এলাকার চিহ্নিত চোর। বেশ কিছুদিন এলাকা ছেড়ে কুমিল্লায় ছিলেন। তিনি ফিরে এসে আবারও এলাকায় চৌর্যবৃত্তি চালিয়ে যায়। এলাকার লোকজন ক্ষিপ্ত হয়ে এমন ঘটনা ঘটিয়েছে।

রামগঞ্জ থানার অফিসার ইনচার্জ মোহাম্মদ আনোয়ার হোসেন জানান, খবর পেয়ে অতিরিক্ত পুলিশ সুপার স্পীনা রানী প্রামাণিক ও রামগঞ্জ থানা পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। পুলিশ লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য লক্ষ্মীপুর হাসপাতাল মর্গে প্রেরণ করেছে।

বার্তাবাজার/কে.জে.পি

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর