দেশের শীর্ষস্থানীয় শিপিং কর্পোরেশন এসআর শিপিংয়ের বহরে যুক্ত হলো আরেকটি বিরাট বাল্ক ক্যারিয়ার বা পণ্যবাহী জাহাজ।
৫৬ হাজার ১৪ টন ধারণক্ষমতা সম্পন্ন বাল্ক ক্যারিয়ারটি এস আর শিপিংয়ের সুপারম্যাক্স ও হ্যান্ডিম্যাক্স বাল্কারের বহরের নতুন সংযোজন। যা ২০০৮ সালে নির্মাণ করা হয় এবং জাহাজটি এসআর শিপিং কেনার পর নতুন নাম রাখা হয়েছে ‘জাহান ব্রাদার্স-২’।
এসআর শিপিংয়ের উপ-ব্যবস্থাপনা পরিচালক সরোয়ার জাহান বলেন, ক্রেতাদের ক্রমবর্ধমান চাহিদা মেটাতে আমরা জাহাজটি ক্রয় করেছি। জাহাজটি জলপথে বাল্ক কার্গো পরিবহনে আমাদের ক্রেতাদের ক্রমবর্ধমান চাহিদা মেটাতে এসআর শিপিংয়ের জন্য অধিক সক্ষম ও শক্তিশালী হয়ে উঠবে।
তিনি আরো বলেন, এটি একদিকে যেমন সরকারের বৈদেশিক মুদ্রা অর্জনে সহায়ক হবে তেমনি বাংলাদেশি নাবিকদের জন্য নতুন কর্মসংস্থানের সুযোগ সৃষ্টি করবে।
উল্লেখ্য, ‘এস আর শিপিং’ কেএসআরএম গ্রুপের একটি সহযোগী প্রতিষ্ঠান। এসআর শিপিং ২০০৪ সালে তাদের প্রথম জাহাজ ক্রয় করার মাধ্যমে শিপিং লাইনে কাজ শুরু করে। তাদের প্রথম জাহাজের নাম ছিল ‘এমভি ফাতেমা জাহান’।
এস আর শিপিংয়ের সকল জাহাজ ব্যবস্থাপনার দায়িত্বে রয়েছে ব্রেভ রয়াল শিপ ম্যানেজম্যান্ট (বিডি) লিমিটেড।
বার্তাবাজার/এম.কে