স্বীকারোক্তিমূলক জবানবন্দি দিয়েছেন বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয়ের (বুয়েট) ছাত্র আবরার ফাহাদকে পিটিয়ে হত্যা মামলার এজাহারভুক্ত আসামি মেহেদী হাসান রবিন।
সোমবার (১৪ অক্টোবর) ঢাকা মহানগর হাকিম তোফাজ্জল হোসেনের আদালতে ১৬৪ ধারায় স্বীকারোক্তিমূলক জবানবন্দি দেন তিনি।
এর আগে রিমান্ডে মেহেদী হাসান রবিন স্বীকার করেন, ঘটনার সময় আবরার ফাহাদের মুখে কয়েকটা চড়-থাপ্পড় মারেন। জিজ্ঞাসাবাদে তিনি নিজেকে এই মামলার ঘটনার সঙ্গে জড়িত ও অন্য আসামিদের নাম প্রকাশ করে ঘটনার সত্যতা স্বীকার করে পুলিশের কাছে জবানবন্দি দেন।
আবরার হত্যা মামলার ৪ নম্বর আসামি মেহেদী হাসান রবিন। তিনি বুয়েটের ১৫তম ব্যাচের শিক্ষার্থী। আবরার হত্যায় তিনি পাঁচদিনের রিমান্ডে ছিলেন।
গত ৬ অক্টোবর দিবাগত মধ্যরাতে আবরার ফাহাদকে পিটিয়ে হত্যা করে বিশ্ববিদ্যালয় ছাত্রলীগের নেতাকর্মীরা। এ ঘটনায় আবরারের বাবা বরকত উল্লাহ বাদী হয়ে চকবাজার থানায় ১৯ জনের বিরুদ্ধে একটি হত্যা মামলা করেন।
বার্তাবাজার/কেএ