শত শত কোটি টাকা বিদেশে পাচার হয়েছে

বাংলাদেশের ওয়ার্কার্স পার্টির সভাপতি রাশেদ খান মেনন বলেছেন, ক্যাসিনো চালক ও ঋণ খেলাপীরা শত শত কোটি টাকা বিদেশে পাঠিয়েছে। অনেকে সেকেন্ড হোম বানিয়েছে।

আমার জানা মতে এ পর্যন্ত ৯ লাখ কোটি টাকা পাচার হয়েছে। গত অর্থমন্ত্রীও পাঁচ লাখ পঁচিশ হাজার কোটি টাকা বিদেশে পাচার হয়েছে বলে স্বীকার করেছেন। এ টাকা দিয়ে দেশের একটি বাজেট তৈরি করা যায়।

আজ সোমবার দুপুরে গাজীপুর শহরের বঙ্গতাজ অডিটরিয়ামে বাংলাদেশের ওয়ার্কার্স পার্টির গাজীপুর জেলা শাখার সম্মেলনে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

মেনন বলেন, প্রধানমন্ত্রী এদের বিরুদ্ধে শুদ্ধি অভিযান শুরু করেছেন। আমিও বলি এদের ছাড়বেন না। এদের শিকড় অনেক গভীরে। এরা অনুপ্রবেশকারী হয়ে ও ক্ষমতা পেয়ে বেপরোয়া হয়ে উঠেছে।

প্রধানমন্ত্রী বিদেশে উন্নয়নের প্রতীক। কিন্তু তাঁর উন্নয়নে সুফল গুটিকয়েক লোকের হাতে চলে যাচ্ছে। শতকরা মাত্র পাঁচজন লোক উন্নয়নের সুবিধা পাচ্ছে।

পার্টির গাজীপুর জেলা শাখার সভাপতি আব্দুল মজিদের সভাপতিত্বে সম্মেলনে বক্তব্য রাখেন ওয়ার্কার্স পার্টির পলিট ব্যুরোর সদস্য মাহমুদুল হাসান মানিক, শ্রমিকলীগ মহানগর শাখার সভাপতি আব্দুর রশিদ, জাসদ মহানগর শাখার সাধারণ সম্পাদক রাশেদুল ইসলাম রানা, গণতান্ত্রিক পার্টির জেলার সভাপতি মনোজ কুমার গোস্বামী প্রমুখ।

বার্তাবাজার/কেএ

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর