৩১ অক্টোবর হতে চালু হচ্ছে চট্টগ্রাম থেকে মদিনা সরাসরি ফ্লাইট

চট্টগ্রাম শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দর থেকে সৌদি আরবের মদিনায় সরাসরি ফ্লাইট চালু করতে যাচ্ছে বিমান বাংলাদেশ এয়ারলাইন্স।

আগামী ৩১ অক্টোবর হতে চট্টগ্রাম টু মদিনা রুটে বোয়িং ৭৭৭ উড়োজাহাজের মাধ্যমে সরাসরি ফ্লাইট চালু হবে। শুরুতে সপ্তাহে প্রতি বৃহস্পতিবার শুধু একদিন এই ফ্লাইট মদিনা যাত্রা করবে।

বিমান সূত্রে জানা গেছে, বর্তমানে চট্টগ্রাম থেকে মদিনা রুটে সরাসরি কোনো ফ্লাইট না থাকাতে চট্টগ্রামের যাত্রীদের ঢাকা বিমানবন্দর হয়ে মদিনা যেতে হচ্ছে। আর চট্টগ্রাম থেকে গেলে দুবাই বা জেদ্দা পৌঁছে সেখান থেকেই মদিনা যেতে হয়। ফলে যাত্রীদের অনেক কষ্ট ও ভোগান্তির শিকার হতে হয়। তবে এখন সরাসরি ফ্লাইট চালু হওয়ায় মদিনা যাওয়া অনেক বেশি সহজ হবে। সেই সাথে ফ্লাইট ভাড়া কমবে ১০ হাজার টাকা।

চট্টগ্রাম থেকে মদিনার সরাসরি ফ্লাইট চালু করার সিদ্ধান্তকে সাধুবাদ জানান জুনিয়র চেম্বারের সাবেক সভাপতি গিয়াস উদ্দিন। তিনি বলেন, সরাসরি মদিনা ফ্লাইট চালু হওয়াতে এখন আর বাড়তি ভোগান্তি হবে না। নতুন রুটে ওমরাহ করাটা এখন অনেক বেশি সহজ হবে।

চট্টগ্রাম শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দরে বাংলাদেশ বিমানের ভারপ্রাপ্ত ব্যবস্থাপক আরিফুজ্জামান খান বলেন, ‘এই রুট চালু হলে সৌদি প্রবাসীরা এতে সবচেয়ে বেশি উপকৃত হবেন। নতুন রুটে একজন যাত্রী চট্টগ্রাম থেকে সরাসরি যেমন মদিনা যেতে পারবেন। ঠিক তেমন আবার জেদ্দা হয়ে চট্টগ্রামে আসতে পারবেন। আর জেদ্দা গেলে মদিনা থেকে সরাসরি চট্টগ্রাম পৌঁছাতে পারবেন। মদিনায় অবস্থানকারী প্রবাসী বাংলাদেশিদের জন্যেও এটি খুব আনন্দের সংবাদ।’

জানা গেছে, নতুন রুটে বাংলাদেশ বিমানে চট্টগ্রাম থেকে মদিনা যেতে জন প্রতি খরচ হবে সর্বনিম্ন মাত্র ৩৩ হাজার টাকা এবং ফিরতি পথে খরচ হবে ২৭ হাজার ৭৫০ টাকা। আসা যাওয়ায় সর্বমোট বিমান ভাড়া পরবে প্রায় ৬১ হাজার টাকা।

বার্তাবাজার/কে.জে.পি

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর