আবরার হত্যার বিচার, র‌্যাগিং ও গেস্টরুম কালচারের বন্ধের দাবি

বুয়েট শিক্ষার্থী আবরার হত্যার বিচার, বিশ্ববিদ্যালয়ে র‌্যাগিং ও গেস্টরুম কালচারের নামে শিক্ষার্থী নির্যাতন বন্ধের দাবিতে মানববন্ধন করেছে বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ের (বাকৃবি) বিএনপিপন্থী শিক্ষকদের সংগঠন সোনালী দল। সোমবার দুপুর ১২ টার দিকে বিশ্ববিদ্যালয়ের মুক্তমে র সামনে ওই মানববন্ধনের আয়োজন করা হয়।

সোনালী দলের সহ-সভাপতি অধ্যাপক এ.এস.এম গোলাম হাফিজ বলেন, এখন পর্যন্ত সারাদেশের বিভিন্ন বিশ্ববিদ্যালয়ে প্রায় দেড় শতাধিক শিক্ষার্থী হত্যার ঘটনা ঘটলেও বেশির ভাগেরই কোনো বিচার হয়নি। নির্যাতিত হচ্ছে অনেকেই, কিন্তু ক্ষমতাসীনদের ভয়ে কিছু বলার সাহস পাচ্ছে না কেউ। আমরা নিপীড়িত মানুষের প্রতিনিধি হিসেবে আজ রাস্তায় দাড়িয়েছি। মানুষ একদিন জেগে উঠবেই, অন্যায়কে প্রতিহত করতে একযোগে ফুঁসে উঠবে।

মানববন্ধনে বক্তারা আরো বলেন, দেশের প্রতিটি পাবলিক বিশ্ববিদ্যালয়ে এখন সরকারদলীয় ছাত্র সংগঠনের ত্রাসের পরিবেশ বিরাজ করছে। গেষ্টরুম কালচার, র‌্যাগিংয়ের নামে সাধারণ শিক্ষার্থীদের প্রতিনিয়ত নির্যাতনের শিকার হতে হচ্ছে। এরই অন্যতম উদাহরণ বুয়েটের আবরার এবং বাকৃবির সাদ। দেশবিরোধী চুক্তির প্রতিবাদ করায় আবরারকে হাত-পা বেধে যে নৃশংসভাবে হত্যা করা হয়েছে তার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাচ্ছি আমরা।

অধ্যাপক ড. মো. শহীদুল হকের সভাপতিত্বে ও অধ্যাপক ড. মো. আব্দুল আলীমের সঞ্চালনায় মানববন্ধনে সোনালী দলের অন্যান্য সদস্যরা অংশগ্রহণ করেন। এসময় বাকৃবিতে গেষ্টরুম কালচারের নামে র‌্যাগিং বন্ধের জোর দাবি জানানো হয়। মানববন্ধনে প্রয়াত বুয়েট শিক্ষার্থী আবরারের রুহের মাগফিরাত কামনা করে দোয়া করা হয়।

বার্তাবাজার/কে.জে.পি

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর