সিরিয়ায় অভিযান পশ্চিমা হুমকিতে বন্ধ করবে না তুরস্ক

তুরস্কের প্রেসিডেন্ট রিসেপ তাইয়্যেপ এরদোয়ান বলেছেন, তার দেশের সেনারা সিরিয়ার উত্তরাঞ্চলে কুর্দি গেরিলাদের বিরুদ্ধে যে সামরিক অভিযান চালাচ্ছে তা পশ্চিমা হুমকিতে বন্ধ হবে না। তিনি বলেন, পশ্চিমা দেশগুলো অস্ত্র ও অর্থনৈতিক নিষেধাজ্ঞা দিয়ে এই অভিযান বন্ধ করতে পারবে না। খবর পার্স ট্যুডে।

রোববার জাতির উদ্দেশে টেলিভিশনে দেয়া এক ভাষণে এরদোয়ান বলেন, সিরিয়ায় অভিযান শুরুর পর আমরা অর্থনৈতিক নিষেধাজ্ঞা এবং অস্ত্র অবরোধের মতো হুমকি পাচ্ছি কিন্তু যারা ভাবছে এসব হুমকি দিয়ে তুরস্ককে পিছু হটানো যাবে তারা ভুল করছেন।

তুর্কি প্রেসিডেন্ট বলেন, অস্ত্র অবরোধের ব্যাপার নিয়ে তিনি বুধবার জার্মানির চ্যান্সেলর অ্যাঙ্গেলা মেরকেলের সঙ্গে টেলিফোনে আলোচনা করেছেন। এরদোগান বলেন, আমি তাকে বিষয়টির ব্যাখ্যা দিতে বলেছি। আমি তাকে এও বলেছি যে, আমরা সত্যিকার অর্থে মিত্র নাকি আমাকে না জানিয়েই কুর্দি সন্ত্রাসী গোষ্ঠীকে ন্যাটো জোটে গ্রহণ করা হয়েছে?

ওয়াইপিজি গেরিলা গোষ্ঠী ও তুরস্কের ভেতরে মধ্যস্থতা করার পরিকল্পনাও এরদোয়ান নাকচ করে দিয়েছেন। তিনি বলেন, যারা এ ধরনের পরিকল্পনা করছে তারা কিভাবে সন্ত্রাসী গোষ্ঠীর সঙ্গে আমাদেরকে আলোচনার এক টেবিলে নিতে পারে?

গত বুধবার থেকে তুরস্ক সিরিয়ার উত্তরাঞ্চলে কুর্দি গেরিলাদের উচ্ছেদ করতে সামরিক অভিযান শুরু করেছে। সিরিয়া সরকার এ অভিযানের নিন্দা জানিয়ে বলেছে, এর মাধ্যমে সিরিয়ার জাতীয় সার্বভৌমত্ব লঙ্ঘিত হয়েছে।

বার্তাবাজার/এম.কে

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর