কলার ট্রাক থেকে বিপুল পরিমাণে ফেনসিডিল উদ্ধার, গ্রেফতার ২

রাজধানীর অদূরে সাভারের আশুলিয়ায় ট্রাক ভরতি কলার আড়ালে ফেনসিডিল সরবরাহের সময় দুই মাদক ব্যবসায়ীকে আটক করেছে র‍্যাব-১, সিপিসি ২।

রবিবার (১৩ অক্টোবর) গোপন সংবাদের ভিত্তিতে র‍্যাব অভিযান চালিয়ে আশুলিয়ার বাইপাইল এলাকায় ওই ট্রাক থেকে ৫৮৫ বোতল ফেনসিডিলসহ দুই মাদক ব্যবসায়ীকে আটক করে। মাদক আইনে আশুলিয়া থানায় মামলা দায়ের হয়েছে বলে নিশ্চিত করেছে র‍্যাব-১।

ছবি- বার্তাবাজার

গ্রেপ্তারকৃত ওই দুই আসামী হলো- চাঁপাইনবাবগঞ্জ জেলার শিবগঞ্জ থানার নামোটোলা গ্রামের মৃত জিল্লুর রহমানের ছেলে হারুন অর রশিদ ওরফে হানিফ উদ্দিন (৪০) এবং নাটোর জেলার সদর থানার দিঘাপতিয়া গ্রামের মৃত আব্দুল জলিল খন্দকারের ছেলে মোতালেব হোসেন (৩৫)।

আশুলিয়া থানায় দায়েরকৃত মামলার এজাহার থেকে জানা গেছে, গোপন সংবাদের ভিত্তিতে আশুলিয়ার বাইপাইলে কলা ভর্তি ট্রাকে তল্লাশি চালিয়ে ৫৮৫ বোতল ফেনসিডিল উদ্ধার করে র‍্যাব-১ এর অভিযাত্রিক দল। জব্দকৃত ওই পরিমান ফেনসিডিল এর আনুমানিক বাজারমূল্য প্রায় ৯ লক্ষ টাকা।

গ্রেপ্তার দুইজনের কাছ থেকে নগদ ২৪ হাজার টাকা, ২টি চেক বই ও ৩টি মোবাইল ফোন উদ্ধার করা হয়। এছাড়া মাদক পরিবহনে ব্যবহৃত পিকআপ ট্রাক (ঢাকা মেট্রো- ন১৯১১৪১) টি ও জব্দ করা হয়।

র‍্যাব-১, সিপিসি-২ এর পরিদর্শক (শহর ও যান) মুহাম্মদ নাজিম উদ্দিন খান জানান, গোপন সংবাদের ভিত্তিতে সঙ্গীয় ফোর্সসহ বাইপাইল এলাকায় অভিযান পরিচালনা করে মাদক উদ্ধার করা হয়। আটককৃত আসামীদের উদ্ধারকৃত ফেনসিডিলসহ আশুলিয়া থানায় হাজির করে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করা হয়েছে।

গণমাধ্যমের এক প্রশ্নের জবাবে তিনি জানান, উদ্ধারকৃত ফেনসিডিল চাঁপাইনবাবগঞ্জ জেলার সীমান্তবর্তী এলাকা থেকে রাজধানীর হাজারীবাগ এলাকায় বিক্রির উদ্দেশ্যে নিয়ে যাওয়া হচ্ছিল।

বার্তাবাজর/এম.কে

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর