অটোরিক্সা ছিনতাই চক্রের পাঁচ সদস্যকে গ্রেফতার করেছে মানিকগঞ্জের সিঙ্গাইর থানা পুলিশ। গত শনিবার দিবাগত রাতে উপজেলার বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করা হয়।
একই সঙ্গে তাদের দেওয়া তথ্যমতে ঢাকার সাভারের হেমায়েতপুর নতুন পাড়া এলাকা থেকে ছিনতাই হওয়া একটি ব্যাটারি চালিত আটোরিক্সা উদ্ধার করা হয়েছে।
গ্রেফতারকৃতরা হলেন, উপজেলার চর মাধবপুর গ্রামের জাহাঙ্গীর আলমের ছেলে মো: রুবেল (২১), একই গ্রামের কালু মিয়ার ছেলে মো: ইসমাইল হোসেন, চকবাড়ি ওয়াইজনগর গ্রামের প্রবাসী হানিফ মিয়ার ছেলে মেহদী হাসান (১৭), হাতনী গ্রামের আব্দুল আজীজের ছেলে মহাসীন, জামির্তা গ্রামের রজ্জব আলীর ছেলে নাহিদ (১৮)।
থানা পুলিশ ও মামলার এজাহার সূত্রে জানা গেছে, গত ৩ অক্টোবর কয়েকজন ছিনতাই চক্রের সদস্য যাত্রীবেশে উপজেলার গোবিন্দল গ্রামের অটোরিক্সা চালক শহিদুল ইসলামের ব্যাটারি চালিত অটোরিক্সা ভাড়া করে।
বিভিন্ন স্থানে ঘোরাঘুরি এক পর্যায়ে শহিদুল ইসলামকে মারধর করে তার অটোরিক্সাটি ছিনিয়ে নিয়ে যায় তারা। এ ঘটনায় ওই দিনই অজ্ঞাত কয়েকজনকে আসামী করে থানায় মামলা করেন শহিদুল ইসলাম।
মামলার তদন্ত কর্মকর্তা থানার উপ-পরিদর্শক (এসআই) আনোয়ার হোসেন বলেন, তথ্য প্রযুক্তির মাধ্যমে গত শনিবার রাতে উপজেলার ওয়াইজনগর থেকে ছিনতাই চক্রের সদস্য মেহদী হাসানকে প্রথমে গ্রেফতার করা হয়।
তার দেওয়া তথ্যমতে একই রাতে উপজেলার বিভিন্ন স্থান থেকে অটোরিক্সা ছিনতাইয়ের সাথে জড়িত রুবেল, ইসমাইল হোসেন, মহাসীন ও নাহিদকে গ্রেফতার করা হয়।
তাদের স্বীকারোক্তি অনুযায়ী সাভারের হেমায়েতপুর নতুন পাড়া এলাকা থেকে শহিদুল ইসলামের অটোরিক্সাটি উদ্ধার করা হয়েছে। গ্রেফতারকৃতরা সিঙ্গাইর থেকে আরো ৫-৬টি অটোরিক্সা ছিনতাইয়ের কথা স্বীকার করেছে।
সেগুলো উদ্ধারের চেষ্টা করা হচ্ছে। থানার পুলিশ পরিদর্শক (ওসি) নজরুল ইসলাম জানান, গ্রেফতারকৃতদের জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। আজ সোমবার রিমান্ড চেয়ে তাদের আদালতে পাঠানো হবে।
বার্তাবাজর/এম.কে