ইসলামী বিশ্ববিদ্যালয়ের (ইবি) ২০১৯-২০ শিক্ষাবর্ষের স্নাতক প্রথম বর্ষের ভর্তি পরীক্ষা শুরু হবে ৪ নভেম্বর। চলবে ৬ নভেম্বর পর্যন্ত।
বিশ্ববিদ্যালয়ের তথ্য প্রকাশনা ও জনসংযোগ দপ্তরের প্রেরিত এক প্রেস বার্তা থেকে জানা যায়,ইবির কেন্দ্রীয় ভর্তি পরীক্ষা কমিটির সভায় উক্ত সিদ্ধান্ত গৃহীত হয়েছে।
এছাড়া ইউনিট ভিত্তিক পূর্ণাঙ্গ সময়সূচি প্রকাশ করা হয়েছে। জানা যায়, এ বছর ৪, ৫ ও ৬ নভেম্বর প্রতিদিন সকাল সাড়ে ৯টা থেকে বিকেল ৫টা পর্যন্ত চার শিফটে বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন ভবনে এ পরীক্ষা অনুষ্ঠিত হবে। প্রতি শিফটে ৬ হাজার ৯১০ শিক্ষার্থী অংশগ্রহণ করবে।
ভর্তি পরীক্ষার প্রথম দিন (৪ নভেম্বর) প্রথম শিফটে ধর্মতত্ত্ব অনুষদভুক্ত ‘এ’ ইউনিটের পরীক্ষা অনুষ্ঠিত হবে। ক্রম রোল নম্বর অনুযায়ী দ্বিতীয় ও তৃতীয় শিফটে ব্যবসায় প্রশাসন অনুষদভুক্ত ‘সি’ ইউনিটের পরীক্ষা অনুষ্ঠিত হবে।
৫ নভেম্বর ভর্তি পরীক্ষার দ্বিতীয় দিন ক্রম রোল অনুযায়ী প্রথম, দ্বিতীয়, তৃতীয় ও চতুর্থ শিফটে কলা, সামাজিক বিজ্ঞান এবং আইন ও শরিয়াহ অনুষদভুক্ত ‘বি’ ইউনিটের পরীক্ষা অনুষ্ঠিত হবে।
তৃতীয় দিন ৬ নভেম্বর প্রথম, দ্বিতীয়, তৃতীয় ও চতুর্থ শিফটে ক্রম রোল নম্বর অনুযায়ী বিজ্ঞান অনুষদ, জীব বিজ্ঞান অনুষদ, প্রকৌশল ও প্রযুক্তি অনুষদভুক্ত ‘ডি’ ইউনিটের পরীক্ষা অনুষ্ঠিত হবে।
প্রসঙ্গত ভর্তি পরীক্ষার প্রবেশ পত্র ১৬ অক্টোবর থেকে ২ নভেম্বর পর্যন্ত উত্তোলন করা যাবে। ভর্তি পরীক্ষা সংক্রান্ত যাবতীয় তথ্য বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইট iu.ac.bd থেকে জানা যাবে।
বার্তাবাজর/এম.কে