আশুলিয়ায় দুর্ধর্ষ ডাকাতি, ঘটনাস্থল পরিদর্শনে পুলিশ সুপার

ঢাকার সাভারের আশুলিয়ায় দুটি ফ্ল্যাট বাসায় দুর্ধর্ষ ডাকাতির ঘটনা ঘটেছে। রবিবার (১৩ অক্টোবর) ভোর রাতে আশুলিয়ার টংগাবাড়ি এলাকার জনৈক সোলেমান মিয়ার বাড়িতে এ দুর্ধর্ষ ডাকাতি হয় বলে জানা গেছে।

ডাকাতরা এসময় ফ্ল্যাট বাসা দুইটির সবাইকে অস্ত্রের মুখে জিম্মি করে নগদ টাকা, স্বর্ণালঙ্কার ও মোবাইল ফোন লুট করে নিয়ে যায়।
এদিকে, ডাকাতির খবর পেয়ে ঢাকা জেলার পুলিশ সুপার মারুফ সরদার ঘটনাস্থল পরিদর্শন করেছেন।

এলাকাবাসীর বরাত দিয়ে পুলিশ জানায়, রবিবার ভোর রাতে ৮/১০ জনের এক দল ডাকাত ফ্লাটের দরজা ভেঙ্গে ভিতরে প্রবেশ করে। পরে তারা আবুধাবী প্রবাসী আল মামুনের স্ত্রী দুলালী আক্তারসহ সবাইকে অস্ত্রের মুখে জিম্মি করে।

পরে হাত-পা বেধে তাদেরকে মারধর করে আলমারী ও ওয়্যারড্রোব ভেঙ্গে ২ লক্ষ ২৭ হাজার টাকা, দুই ভরি স্বর্ণালঙ্কার, ২ টি মোবাইল ফোন ও ১ টি ট্যাবসহ মূল্যবান মালামাল লুটপাট করে।

পরে ডাকাতরা পাশের ফ্লাটে প্রবেশ করে ব্যবসায়ী আমির হোসেন, তার স্ত্রী পারুল আক্তারসহ পরিবারের সবাইকে অস্ত্রের মুখে জিম্মি করে আলমারী ও ওয়্যারড্রোব ভেঙ্গে নগদ ৯০ হাজার টাকা, তিন ভরি স্বর্ণালঙ্কার, দশ ভরি রুপার গহনা ও ৯টি মোবাইল ফোনসহ মূল্যবান মালামাল লুটপাট করে।

ডাকাতরা পালিয়ে যাবার পর খবর পেয়ে এলাকাবাসী ওই দুই ফ্ল্যাটের বাসিন্দাদেরকে হাত বাঁধা অবস্থায় উদ্ধার করে। আশুলিয়া থানার অফিসার ইনচার্জ শেখ রিজাউল হক দিপু বলেন, ডাকাতি হওয়া মালামাল উদ্ধারে পুলিশের অভিযান চলছে। এ ঘটনায় আশুলিয়া থানায় দুটি মামলা দায়েরের প্রস্তুতি চলছে বলেও জানান তিনি।

বার্তাবাজর/এম.কে

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর