চবি’তে শেখ হাসিনা হলের ছাত্রীদের বিক্ষোভ

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের ‘জননেত্রী শেখ হাসিনা হল’ খোলার দাবিতে হলের সামনে অবস্থান কর্মসূচী পালন করছেন হল সংযুক্তি প্রাপ্ত শিক্ষার্থীবৃন্দ। রোববার সকালে ছাত্রীরা হলের মূল ফটকের সামনে অবস্থান করে তাদের দাবি নিয়ে বিক্ষোভ প্রকাশ করেন।

ছাত্রীদের দাবি হচ্ছে আগামী এক কার্যদিবসের মধ্যে আসন বরাদ্দের ফলাফল ঘোষণা এবং ২০ অক্টোবরের মধ্যে যার যার বরাদ্দকৃত বৈধ সিটে ওঠার নোটিশ দেওয়া। ছাত্রীদের অভিযোগ, ২০১৫ সালের ৮ অক্টোবর প্রধানমন্ত্রী শেখ হাসিনা ভিডিও কনফারেন্সের মাধ্যমে ছাত্রীনিবাসটির উদ্বোধন করেন।

কিন্তু উদ্বোধনের চার বছর পরও ছাত্রীদের কোনো আসন বরাদ্দ দেওয়া হয়নি। আসন বরাদ্দ দিতে গত ১৫-১৭ সেপ্টেম্বর পর্যন্ত ছাত্রীদের সাক্ষাৎকার নেওয়া হলেও এখনও তার ফল ঘোষণা করা হয়নি। জননেত্রী শেখ হাসিনা হলে মোট ৭৫০টি আসন আছে।

এই বিষয়ে জানতে চাইলে বিশ্ববিদ্যালয়ের সহকারী প্রক্টর রেজাউল করিম বলেন, হলের উন্নয়নমূলক কাজ চলার কারণে তারা এতদিন ছাত্রীদের হলে ওঠাতে পারেননি। হলের প্রভোস্টের সঙ্গে এ বিষয়ে কথা হয়েছে। আগামী ৩ নভেম্বরের মধ্যে ছাত্রীদের আসন বরাদ্দের ফলাফল দেওয়া হবে। ৫ নভেম্বরের মধ্যে তাদের হলে ওঠানো হবে।

বিক্ষোভরত এক ছাত্রী জানান, ২০১৫ সালে যেই হল টা উদ্বোধন হয়েছিল তা আজো মেয়েদের জন্য খুলে দেয়া হয়নি। ফলে দেয়ালে পিঠ ঠেকার মত অবস্থায় পরেন শিক্ষার্থীরা। ২০১৭তে কিছু মেয়েরা উদ্যোগ নিয়ে স্মারকলিপি নিয়ে সাবেক প্রোক্টর এবং ভিসি স্যারের কাছে গিয়েছিলেন।প্রশাসন থেকে আশ্বস্ত করা হয়েছিল এপ্রিল, মে বা জুনে হল খুলে দিবে।

সেই আশ্বস্তে মেয়েরা বুঝতে পারেনি কোন সাল কোন বছরের এপ্রিল, মে, জুন মাস। তারপর সময় নির্ধারণ করা হয় ২০১৯ সালের মার্চ মাস। কিন্তু মার্চ মাস পেরিয়ে এপ্রিল, মে, জুন সহ অক্টোবর মাস পর্যন্ত পৌঁছেও সমস্যার কোন সমাধান হয়নি। অবশেষে আজ অক্টোবরের ১২তারিখ প্রশাসন থেকে বলা হয়েছে নভেম্বরে হল খুলে দেয়া হবে।

বার্তাবাজর/এম.কে

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর