নির্মাণাধীন ট্যাংকে নেমে দুই শ্রমিকের মৃত্যু

ঢাকার সাভারের চামড়া শিল্প নগরীতে নির্মাণাধীন পানির ট্যাংকে নেমে দুই শ্রমিকের মৃত্যু হয়েছে। রবিবার (১৩ অক্টোবর) সাভারের হেমায়েতপুরে চামড়া শিল্প নগরীর আরএএন ট্যানারির সদ্য সমাপ্ত পানি সংরক্ষিত রাখার ট্যাংক এ নেমে একজন অজ্ঞাত শ্রমিক এবং বাপ্পি (২৮) নামের আরেক শ্রমিক মারা যায়।

নিহত বাপ্পি বগুড়া জেলার সান্তাহার তারাপুর গ্রামের রেজাউল ইসলামের ছেলে বলে জানা গেলেও অপরজনের পরিচয় সম্পর্কে নিশ্চিত হওয়া যায়নি। পুলিশের বরাত দিয়ে জানা যায়, সাভারের চামড়া শিল্প নগরীর আরএএন ট্যানারির জন্য নতুন পানি সংরক্ষিত রাখার ট্যাংক এর নির্মাণ কাজ শেষ হলেও ট্যাংকের ছাদের সেন্টারিং এর বাঁশ কাঠ এখনো খোলা হয়নি।

প্রায় ১৪-১৫ দিন আগে ছাদ ঢালাই দিয়ে ট্যাংকের মুখ আটকে রেখে গিয়েছিল রাজমিস্ত্রিরা। এজন্য দীর্ঘদিন ধরে ট্যাংকের মুখ আটকে থাকায় ভিতরে তৈরি হয়েছিল মিথেন গ্যাস। অজ্ঞাত পরিচয়ের শ্রমিকটি আগে ট্যাংকের ভেতর নামে, কিন্তু তার আর কোন সাড়াশব্দ না পেয়ে নামেন আরেক শ্রমিক বাপ্পি। নামার সাথে সাথে তার অবস্থাও গুরুতর।

এসময় উপস্থিত অন্যরা দ্রুত পুলিশকে খবর দেয়। পরে ফায়ার সার্ভিসের উদ্ধারকারী দলের সহায়তায় দ্রুত উঠিয়ে আনা হয় দুইজনকে। যে আগে নেমেছিল তাকে মৃত অবস্থায় পাওয়া যায়। বাপ্পি নামের দ্বিতীয় শ্রমিককে দ্রুত পার্শ্ববর্তী হাসপাতালে পাঠানো হলে সেখানেই তার মৃত্যু নিশ্চিত করেন কর্তব্যরত চিকিৎসক।

এব্যাপারে সাভার ট্যানারি পুলিশ ফাঁড়ির ইনচার্জ পুলিশ পরিদর্শক মোঃ এমারৎ হোসেন জানান, খবর পেয়ে দুইজন রাজমিস্ত্রিকে উদ্ধার করা হয়েছে। তবে দু’জন মারা গেলেও একজনের পরিচয় আমরা সনাক্ত করতে পেরেছি। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, টাংকে থাকা মিথেন গ্যাসের কারণেই তাদের মৃত্যু হয়েছে।

বার্তাবাজর/এম.কে

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর