চীন থেকে আনা রসুন যাচ্ছিল ভারতে !

ভারতের ত্রিপুরা রাজ্য ও আশপাশের এলাকায় রসুনের দাম তুলনামূলক বেশি। আর তাই চীন থেকে বাংলাদেশে আনা রসুন চোরাই পথে পাচার হচ্ছে অধিক মুনাফার লোভে। রাতের আধারে ট্রাক ভরে রসুন পৌছাচ্ছে চোরাকারবারীদের আস্তানায়।

হবিগঞ্জের চুনারুঘাট উপজেলার সীমান্ত এলাকা দিয়ে পাচারকালে এমন একটি রসুন চালান আটক করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)।

সূত্র জানায়, শনিবার রাত ১০টার দিকে গোপন সংবাদের ভিত্তিতে বিজিবি অভিযান চালায় চুনারুঘাট উপজেলার মানিকভান্ডার গ্রামে। সেখানে সুলতানের বাড়ির পাশ থেকে জব্দ করা হয় ২৪ বস্তায় থাকা ১ হাজার ২শ কেজি রসুন।

বিজিবি গুইবিল সীমান্ত ফাঁড়ির নায়েক সুবেদার হাবিবুর রহমানের নেতৃত্বে একটি টিম অভিযান পরিচালনা করে। সূত্র মতে, রসুন চালানের মালিক চুনারুঘাট উপজেলার আহম্মদাবাদ ইউনিয়নের সাবেক মেম্বার কালামন্ডল গ্রামের বাসিন্দা আইয়ূব আলী।

তিনি একটি পিকআপ দিয়ে ১৪ বস্তা রসুন নিয়ে পাচারের জন্য মানিকভান্ডার গ্রামে রাখেন। বিজিবি এ তথ্য জেনে অভিযান চালায়। মানিকভান্ডার গ্রাম থেকে রসুনের চালান যায় ভারত সীমান্তের কাটাতারের বেড়ার নিচ দিয়ে।

মূলত ত্রিপুরা রাজ্যের খোয়াই জেলার বেলচর নামক স্থানে এসব মাল জমা হয়। সংশ্লিষ্টরা জানান, চীন থেকে আমদানি করা রসুন পাচারকারীরা কিনে থাকে ১১৫ টাকা কেজি হিসেবে।

আর ভারতের চোরাকারবারীদের কাছে তা বিক্রি করা হয় ১৫০টাকা কেজি হিসেবে। ত্রিপুরার স্থানীয় বাজারে রসুনের মূল্য ১৮০ থেকে ১৯০টাকা কেজি।

বিজিবি গুইবিল সীমান্তের নায়েক সুবেদার হাবিবুর রহমান ২৪ বস্তা রসুন আটকের কথা স্বীকার করলেও বিস্তারিত তথ্য জানাতে অপরাগতা প্রকাশ করেন। বিজিবি ৫৫ ব্যাটালিয়ানের মিডিয়া উইং থেকে বিস্তারিত জানতে বলেন।

বার্তাবাজার/কেএ

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর