আন্তর্জাতিক প্রীতি ম্যাচে রোববার (১৩ অক্টোবর) আলাদা ম্যাচে মাঠে নামবে লাতিন আমেরিকার দুই পরাশক্তি ব্রাজিল ও আর্জেন্টিনা। জয়ের ধারায় ফেরার মিশনে নাইজেরিয়ার মুখোমুখি হবে ব্রাজিল। সিঙ্গাপুর জাতীয় স্টেডিয়ামে বাংলাদেশ সময় সন্ধ্যা ৬টায় শুরু হবে ম্যাচটি।
আর স্পেনের এস্তাদিও মার্টিনেজ ভ্যালেরোতে ইকুয়েডরের বিপক্ষে মাঠে নামবে মেসিবিহীন আর্জেন্টিনা। এই ম্যাচটি শুরু হবে বাংলাদেশ সময় রাত ৮টায়। ব্রাজিলের ফুটবল আকাশ হঠাৎ যেনো মেঘাচ্ছন্ন। টানা ৩ ম্যাচ জয়ের মুখ দেখেনি সেলেসাওরা। ২০১৩ সালের পর এমন বাজে সময় আর পার করেনি ৫ বারের বিশ্বচ্যাম্পিয়নরা।
নেইমার-ফিরমিনো-কৌতিনিয়োদের মতো সেরা তারকারা থাকলেও, সিঙ্গাপুর সফরে প্রথম ম্যাচে সাদিও মানের সেনেগালের বিপক্ষে ড্র নিয়েই থাকতে হয়েছে তৃপ্ত। সবশেষ ৮ আন্তর্জাতিক প্রীতি ম্যাচে মাত্র ১টিতে জয় পাওয়া নাইজেরিয়ার বিপক্ষে তাই জয়ের জন্য উন্মুখ হয়ে থাকবে তিতের দল।
আর এক ম্যাচ খেললেই ক্লদিও তাফারেলের সঙ্গে যৌথভাবে ব্রাজিলের ৫ম সর্বোচ্চ ম্যাচ খেলা ফুটবলার হবেন নেইমার। পাশাপাশি, মাত্র একটি গোল করেই রোনালদো ফেনোমেননের সমান ৬২ গোল নিয়ে দেশের দ্বিতীয় সর্বোচ্চ গোলদাতাও হতে পারেন পিএসজি সুপারস্টার।
২০০৩ সালে একমাত্র দেখায় নাইজেরিয়াকে ৩-০ গোলে হারিয়েছিলো ব্রাজিল। অ্যালিসন বেকার-মার্সেলোরা ইনজুরিতে থাকলেও এবারো নিশ্চয়ই সহজ জয়ের প্রতীক্ষায় থাকবে সেলেসাওরা।
ব্রাজিল যখন খেলবে সিঙ্গাপুরে, আর্জেন্টিনার ঠিকানা স্পেন। প্রতিপক্ষ ফিফা র্যাঙ্কিংয়ের ৬৫ নম্বর দল ইকুয়েডর। সবশেষ ম্যাচে জার্মানির বিপক্ষে ২-০ গোলে পিছিয়ে থেকেও ড্র নিয়ে ফেরার আত্মবিশ্বাসে পূর্ণ আলবিসেলেস্তেরা।
তবে, সমর্থকদের জন্য হতাশার খবর, নিষেধাজ্ঞা শেষ হলেও এ ম্যাচে খেলবেন না লিওনেল মেসি। তবে, ম্যাচটা স্পেনে হওয়ায় মাঠে না থাকলেও গ্যালারীতে দেখা যেতে পারে বার্সেলোনা ফরোয়ার্ডকে। এদিকে, মেসির পাশাপাশি দলে নেই অ্যাগুয়েরো-ডি মারিয়ারাও।
আর্জেন্টিনাকে একটা নতুন চেহারায় সাজাতে চান কোচ স্ক্যালোনি। লতারো মার্টিনেজ-পাওলো দিবালারা আছেন। আলারিও-ওকাম্পোসরাও আস্থার প্রতিদান দিচ্ছেন। তবে, বাজে পারফরম্যান্সের কারণে স্কোয়াড থেকে বাদ পড়তে পারেন মার্কোস রোহো। সব প্রতিযোগিতা মিলিয়ে শেষ ৮ ম্যাচে মাত্র ১ হার আলবিসেলেস্তেদের। এই ছন্দ ধরে রাখতে প্রত্যয়ী দুই বারের বিশ্বচ্যাম্পিয়নরা।
বার্তাবাজার/কেএ