আগামী ১৪ অক্টোবর ৫ম ও শেষ ধাপের উপজেলা পরিষদ নির্বাচনে শেরপুর সদর উপজেলায় শেষ মুহুর্তের প্রচার-প্রচারনা ব্যস্ত সময় পার করছেন প্রার্থীরা।
প্রতীক বরাদ্দের পর থেকেই এ উপজেলায় প্রার্থীসহ সমর্থকরা বেশ সরগরম রয়েছেন। প্রতিটি বাজার-গুরুত্বপূর্ণ এলাকায় ছেয়ে গেছে পোষ্টারে পোষ্টারে। প্রচারণার অংশ হিসেবে প্রতিটি এলাকায় করা হয়েছে নির্বাচনী ক্যাম্প। এসব ক্যাম্পে সকাল থেকে রাত পর্যন্ত চলছে নির্বাচনী আলাপ-আলোচনা ও চা চক্র।
প্রার্থীদের পক্ষে প্রচারনা চালাতে গ্রামে-গ্রামে ছুটে বেড়াচ্ছেন কর্মী-সমর্থকেরা। চলছে মজার মজার নানান শ্লোগানে মাইকিং। এর সাথে যুক্ত হয়েছে সামাজিক যোগাযোগ মাধ্যম ফেইসবুক। সেখানে প্রার্থী ও তার সমর্থকেরা উপজেলার বিভিন্ন স্থানের গণসংযোগের ছবিও পোষ্ট করছেন এবং প্রার্থীর পক্ষে ভোট প্রার্থনা করছেন।
চেয়ারম্যান পদে দল মনোনীত নেতা-কর্মীদের পাশাপাশি ভোটারদের মন জয় করতে নানা কৌশল অবলম্বন করছেন বিদ্রোহী প্রার্থীরা। অন্যদিকে ব্যাপক গণসংযোগ, সভা, সমাবেশসহ সব ধরনের প্রচারনায় প্রার্থীরা মাঠ দাপিয়ে বেড়াচ্ছেন ভাইস চেয়ারম্যান প্রার্থীরা।
সাধারণ ভোটাররা বলছেন, জয়ী হয়ে যে সব প্রার্থী সাধারণ খেটে খাওয়া মানুষের জন্য কাজ করবে এমন প্রার্থীকেই আমরা ভোট দিয়ে উপজেলা পরিষদে বসাব।
এবারের নির্বাচনে চেয়ারম্যান পদে আওয়ামী লীগ, বিএনপি, জাতীয় পার্টির প্রার্থীসহ ৫ জন প্রতিদ্বন্দ্বীতা করছেন। তাদের মধ্যে আওয়ামী লীগ মনোনীত মোঃ রফিকুল ইসলাম (নৌকা), বিএনপি মনোনীত মোঃ শফিকুল ইসলাম মাসুদ (ধানের শীষ), জাতীয় পার্টি মনোনীত ইলিয়াস উদ্দিন (লাঙ্গল), স্বতন্ত্র প্রার্থী (আওয়ামী লীগের বিদ্রোহী) মিনহাজ উদ্দিন মিনাল (মোটরসাইকেল) ও বায়েযীদ হাসান (আনারস) প্রতীক নিয়ে প্রতিদ্বন্দ্বীতা করছেন।
এদিকে পুরুষ ভাইস-চেয়ারম্যান পদে সদর উপজেলা কৃষক লীগের সভাপতি আল হেলাল (টিউবওয়েল), সাবেক ভিপি মোহাম্মদ মনোয়ারুল ইসলাম (চশমা), চেম্বার অব কমার্সের সাবেক পরিচালক মোহাম্মদ মোছা মিঞা (মাইক), শ্রমিক নেতা জুলহাস উদ্দিন (উড়োজাহাজ) ও আশরাফুল আলম মিজান (তালা) প্রতীক নিয়ে লড়ছেন।
এছাড়াও মহিলা ভাইস-চেয়ারম্যান পদে শামীমা আরা বেগম (হাঁস) ও সাবিহা জামান শাপলা (কলস) প্রতীকে লড়ছেন।
বার্তাবাজার/ডব্লিওএস