বন্দর নগরী চট্টগ্রামের পতেঙ্গা সৈকত এলাকায় বিভিন্ন রেস্টুরেন্টে অভিযান চালিয়ে বাসি ও রং মেশানো ৩০ কেজি চিংড়ি ও কাঁকড়া ধ্বংস করা হয়েছে। এ সময় ৬টি রেস্টুরেন্টকে জরিমানা ৬৮ হাজার টাকা জরিমানা।
শনিবার (১২ অক্টোবর) জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদফতরের কর্মকর্তারা ট্যুরিস্টি পুলিশ ও চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশের সহযোগিতায় এ অভিযান পরিচালনা করেন।
অধিদফতরের চট্টগ্রাম বিভাগীয় কার্যালয়ের সহকারী পরিচালক নাসরিন আক্তার, সহকারী পরিচালক (মেট্রো) বিকাশ চন্দ্র দাস এবং চট্টগ্রাম জেলা কার্যালয়ের সহকারী পরিচালক মুহাম্মদ হাসানুজ্জামান অভিযান পরিচালনায় অংশগ্রহণ করেন।
অভিযানে নেতৃত্বদানকারী সহকারী পরিচালক মুহাম্মাদ হাসানুজ্জামান বলেন, ভ্রমণ পিপাসু ও বিনোদন প্রিয় মানুষের চাহিদার সুযোগ নিয়ে পতেঙ্গা সমুদ্র সৈকতকে কেন্দ্র করে নামে বেনামে গড়ে উঠেছে বহু রেস্টুরেন্ট ও খাবার দোকান। যেখানে প্রতিনিয়ত চড়া দামে বিক্রি হচ্ছে পঁচা, বাসি ও মেয়াদোত্তীর্ন খাবার। এর ফলে ক্রমেই ক্ষতিগ্রস্ত হচ্ছে মানুষের স্বাস্থ্য ব্যবস্থা, বাড়ছে নানান রোগব্যাধি। আর এর বিরুদ্ধে প্রতিরোধ গড়ে তুলতেই অভিযান পরিচালনা করলো প্রশাসন।
অভিযানে খাদ্যপণ্যের মূল্য তালিকা প্রদর্শন না করায় ও চিংড়িতে অননুমোদিত রং ব্যবহার করায় নিউ মায়ের দোয়া রেস্তোরাঁকে ২০ হাজার টাকা, মূল্যতালিকা প্রদর্শন না করা, বেশি দামে বোতলজাত পানি বিক্রয় করায় আব্বাজান রেস্তোরাঁকে ১০ হাজার টাকা, অননুমোদিত রং ব্যবহার করায় জসিম রেস্তোরাঁকে ২০ হাজার টাকা, নোংরা পরিবেশে বাসন-কোসন ধোয়ার কাজ করায় আফসারের দোকানকে ৩ হাজার টাকা, মূল্যতালিকা প্রদর্শন না করায় শাওন রেস্তোরাঁকে ১০ হাজার টাকা এবং বেশি দামে কোমল পানীয় বিক্রি করায় নিউ বিসমিল্লাহ্ স্টোরকে ৫ হাজার টাকা জরিমানা করা হয়েছে।
তিনি আরো বলেন, প্রশাসন শুধু অভিযান চালালে ও জরিমানা করলে হবেনা। জনগণকেও সচেতন হতে হবে। এমন সব খাবার খাওয়া হতে বিরত থাকতে হবে এবং নির্ধারিত মূল্যে পণ্য ক্রয় করতে হবে।
বার্তাবাজার/ডব্লিওএস