গোপালগঞ্জে ব্যাপক উৎসাহ, উদ্দীপনা ও ভোটার সমাগমের মধ্য দিয়ে শান্তিপূর্ণভাবে সম্পন্ন হয়েছে কেন্দ্রীয় সার্বজনীন কালীবাড়ীর কার্যনির্বাহী পরিষদের নির্বাচন।
শনিবার সকাল ৮ টা থেকে বিকেল ৪টা পর্যন্ত বিরতিহীনভাবে ভোটগ্রহণ অনুষ্ঠিত হয়েছে। মোট ৮৯১ জন ভোটারের মধ্যে ৬৮২ জন ভোটার তাদের ভোটাধিকার প্রয়োগ করেন।
সভাপতি পদে ডাঃ অরুন কান্তি বিশ্বাস (জবা ফুল প্রতীক) ৩৩৩ ভোট পেয়ে জয়যুক্ত হন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী সাবেক সভাপতি শুখরঞ্জন বিশ্বাস (মোমবাতি প্রতীক) ৩১৯ ভোট পেয়েছেন।
অপরদিকে, বিভূতি রায় (শঙ্খ প্রতীক) ৩৫৫ ভোট পেয়ে সাধারণ সম্পাদক পদে জয়যুক্ত হন, তার নিকটতম প্রতিদ্বন্দ্বী সাবেক সাধারন সম্পাদক রমেন্দ্রনাথ সরকার (কলস প্রতীক) পেয়েছেন ৩২৭ ভোট।
সার্বজনীন কেন্দ্রীয় কালীবাড়ির কার্যনির্বাহী পরিষদের নির্বাচন শান্তিপূর্ণভাবে সম্পন্ন করতে গোপালগঞ্জ জেলা প্রশাসন ও পুলিশ প্রশাসনের বিভিন্ন পর্যায়ের কর্মকর্তারাসহ আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর ব্যাপক সদস্য কেন্দ্রীয় কালীবাড়ীতে নিয়োজিত ছিলেন।
প্রধান নির্বাচন কমিশনার হিসেবে দায়িত্ব পালন করেন সুষেন কুমার বাগচী, সদস্য সচিব হিসেবে দায়িত্বে ছিলেন শৈলেন্দ্রনাথ বিশ্বাস, সদস্য কিশোর কৃষ্ণচন্দ্র প্রমুখ। নির্বাচনে জয়লাভ করে নবনির্বাচিত সভাপতি ডা অরুন কান্তি বিশ্বাস বলেন, এখন থেকে আর কোনো ভেদাভেদ নয়। সকলেই আমরা মায়ের পূজারী। আসুন সবাই মিলেমিশে একসাথে মায়ের সেবায় নিয়োজিত থাকি।
বার্তাবাজার/ডব্লিওএস