সিরাজগঞ্জে নিখোঁজ মাঝির লাশ উদ্ধার

সিরাজগঞ্জের যমুনা নদীতে নৌকাবাইচ প্রতিযোগিতার সময় নৌকাডুবে নিখোঁজ মাঝি সাইদুর রহমান প্রামাণিকের (৬০) লাশ উদ্ধার করেছে পুলিশ।

শনিবার (১২ অক্টোবর) দুপুরে যমুনা নদীর শহর রক্ষা বাঁধের মতি সাহেবের ঘাট এলাকা থেকে লাশটি উদ্ধার করা হয়। নিহত সাইদুর উল্লাপাড়া উপজেলার মানিক দিয়া গ্রামের মৃত হোসেন আলীর ছেলে।

এ বিষয়ে সদর থানার উপ-পরিদর্শক আজিম আহমেদ জানান, বৃহস্পতিবার (১০ অক্টোবর) শহর রক্ষা বাঁধ এলাকায় নৌকাবাইচ প্রতিযোগিতা চলাকালে বাইচের একটি নৌকাকে ধাক্কা দেয় দর্শনার্থীদের নৌকা। এতে সাইদুর প্রামাণিক নৌকা থেকে পড়ে গিয়ে নিখোঁজ হন। ওই দিন রাতে ও পরদিন দুপুরে ফায়ার সার্ভিসের ডুবুরি দল উদ্ধার অভিযান চালিয়েও তার সন্ধান পায়নি। পরে শনিবার দুুপুরে মতি সাহেবের ঘাট এলাকায় সাইদুর রহমানের ভাসমান লাশ দেখে স্থানীয়রা পুলিশে খবর দেয়। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে নিহতের মরদেহ উদ্ধার করে বলে তিনি জানান।

অপর দিকে ওই নৌকাবাইচ চলাকালে দর্শনার্থী বোঝাই আরও একটি নৌকাডুবে হানিফ নামে এক নির্মাণ শ্রমিক নিখোঁজ রয়েছেন। হানিফ বরিশাল জেলার বিমানবন্দর থানার তিলক গ্রামের মোজাম্মেল হাওলাদারের ছেলে।

বার্তাবাজার/কে.জে.পি

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর