ভারতের প্রধানমন্ত্রী হিসেবে নিজের প্রথম কার্যকালে নরেন্দ্র মোদি স্বচ্ছ ভারত অভিযান শুরু করেছিলেন। উনি নিজেও অনেক সময় পরিষ্কার-পরিচ্ছন্নতার অভিযানে নেমেছেন। আজ শনিবার মোদির সেই সাফাই অভিযানের আরেকটি ভিডিও সামনে এসেছে, যেখানে উনি নিজে সমুদ্র সৈকতে নেমে আবর্জনা পরিষ্কার করছেন। এই অভিযানের ভিডিওটি প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি নিজে টুইটার ও ফেসবুকে শেয়ার করেছেন।
চেন্নাই থেকে প্রায় ৫০ কিলোমিটার দূরে তামিলনাড়ুর মামাল্লাপুরাম শহরে দ্বিতীয় দফায় বৈঠকে বসবেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী ও চীনের প্রেসিডেন্ট শি জিন পিং।
এ বৈঠকের আগে শনিবার সকালে মামাল্লাপুরামের সৈকতে যান নরেন্দ্র মোদী। সেখানে প্রথমে ধ্যানে বসেন তিনি। পরে, সৈকতে পড়ে থাকা ময়লা কুড়ান ভারতের প্রধানমন্ত্রী।
এক টুইট বার্তায় মোদী লিখেছেন, সকালে মামাল্লাপুরামের সৈকতে ময়লা কুড়িয়েছি। এটা ৩০ মিনিট ধরে ছিল। আমার ‘সংগ্রহ’ হোটেলকর্মী জয়রাজের হাতে দিয়েছি। আসুন, আমাদের খোলা জায়গাগুলো পরিষ্কার-পরিচ্ছন্ন রাখি। আসুন, নিজেদের সুস্থ থাকার বিষয়টিও নিশ্চিত রাখি।
বার্তাবাজার/কে.জে.পি