আবরার হত্যার আসামি মোয়াজ উত্তরা থেকে গ্রেফতার

বুয়েট ছাত্র আবরার ফাহাদকে পিটিয়ে হত্যার ঘটনায় এজাহারভুক্ত আসামি মোয়াজ আবু হুরায়রাকে (২০) গ্রেফতার করেছে মহানগর গোয়েন্দা পুলিশ (ডিবি)।

শনিবার (১২ অক্টোবর) সকাল ১১টায় উত্তরার ১৪ নম্বর সেক্টর এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়।

ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) উপ-কমিশনার (ডিসি) মাসুদুর রহমান জানান, মোয়াজের বাড়ি কিশোরগঞ্জের কুলিয়ারচরে। তিনি বুয়েটের ইলেক্ট্রিক্যাল এন্ড ইলেক্ট্রনিক ইঞ্জিনিয়ারিং (ইইই) বিভাগের ১৭ ব্যাচের ছাত্র। হত্যার ঘটনায় তিনিও জড়িত ছিল বলে প্রাথমিক তদন্তে জানা গেছে।

গত ৬ অক্টোবর দিনগত রাতে বুয়েটের সাধারণ ছাত্র ও বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ আবরারকে শেরেবাংলা হলের দ্বিতীয় তলা থেকে অচেতন অবস্থায় উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে নিয়ে যান।

৭ অক্টোবর সকাল সাড়ে ৬টার দিকে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। এই ঘটনায় নিহতের বাবা মো. বরকত উল্লাহ চকবাজার থানায় লিখিত অভিযোগ করলে একটি হত্যা মামলা দায়ের করা হয়।

মোয়াজকে গ্রেফতারের মধ্য দিয়ে এ পর্যন্ত ফাহাদ হত্যা মামলায় সংশ্লিষ্ট ১৯ জনকে গ্রেফতার করলো ডিএমপির গোয়েন্দা বিভাগ (ডিবি)।

বার্তাবাজার/কে.জে.পি

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর