কক্সবাজারের টেকনাফে পুলিশের সাথে ‘বন্দুকযুদ্ধে’ রোহিঙ্গাসহ দুই ইয়াবা ব্যবসায়ী নিহত হয়েছে।
নিহতরা হলেন, টেকনাফ উপজেলার হাতিয়ারঘোনা গ্রামের মোঃ হামিদের ছেলে আহম্মদ (৪৫) এবং টেকনাফ নয়াপাড়া রোহিঙ্গা ক্যাম্পের ডি-ব্লকের বাসিন্দা রোহিঙ্গা মৃত কালুর ছেলে আব্দুর রহমান( ৪৬)।
শনিবার (১২ অক্টোবর) ভোরে রাতে টেকনাফ সদর ইউনিয়নের পর্যটন বাজারের উত্তর পূর্বে মালি পাহাড়ের পাদদেশে এ ঘটনা ঘটে।এই ঘটনায় দু’পক্ষের গুলাগুলিতে তিন পুলিশ সদস্য আহত হয়েছেন বলে জানায় টেকনাফ থানার পুলিশ।তাঁরা হলেন, এসআই মোহাম্মদ বাবুল, এএসআই অহিদ ও কনস্টেবল মালেকুল ইসলাম।
টেকনাফ থানার পু্লিশ জানায়, ঘটনাস্হল থেকে পাঁচ হাজার পিস ইয়াবা, দুটি এলজি বন্দুক, ৪ রাউন্ড তাজা কার্তুজ পাওয়া যায়।
টেকনাফ মডেল থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) প্রদীপ কুমার দাস বলেন, শনিবার ভোরে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের তালিকাভুক্ত ইয়াবা ব্যবসায়ী ও ৬ মামলার পলাতক আসামি আহম্মদ হোসেন ও আব্দুর রহমানকে আটক করে পুলিশের একটি টিম। পরে তাঁদের স্বীকারোক্তি অনুযায়ী ভোরে ওই পাহাড়ি এলাকায় ইয়াবা ও অস্ত্র উদ্ধার করতে গেলে অস্ত্রধারী ইয়াবা ব্যবসায়ীরা পুলিশকে লক্ষ্য করে এলোপাথাড়ি গুলি ছুড়তে থাকে। এসময় পুলিশও আত্মরক্ষার্থে পাল্টা গুলি চালায়। অস্ত্রধারীরা কৌশলে পালিয়ে যায়।
তিনি আরও জানান, উভয়পক্ষের গোলাগুলির পর ঘটনাস্থল থেকে আহম্মদ ও রহমানকে গুলিবিদ্ধ অবস্থায় উদ্ধার করে পরে টেকনাফ স্বাস্থ্য কমপ্লেক্সে পাঠানো হলে কর্তব্যরত চিকিৎসক উন্নত চিকিৎসার জন্য কক্সবাজারে পাঠান, সেখানে তারা মারা যান।
নিহতদের ময়নাতদন্তের জন্য লাশ কক্সবাজার মর্গে পাঠানো হয়েছে। এ ঘটনায় মামলার প্রস্তুতি চলছে বলে জানান ওসি প্রদিপ কুমার দাস।
বার্তাবাজার/কে.জে.পি