সিলেট সদর উপজেলার জালালাবাদ ইউনিয়নের চেয়ারম্যান মনফর আলীকে গ্রেফতার করেছে পুলিশ। এসময় তার কাছ থেকে ১টি বিদেশি রিভলভার, ৭ রাউন্ড গুলি ও ১টি ছোরা উদ্ধার করা হয়।
শুক্রবার (১১ অক্টোবর) সন্ধ্যা পৌনে ৭টায় ওই ইউনিয়নের পিঠারগঞ্জ বাজার থেকে তাকে গ্রেফতার করে পুলিশ।
চেয়ারম্যান মনফর আলী জওই ইউনিয়নের কালারুকা গ্রামের মৃত হাজি মন্তাজ আলীর ছেলে।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, গ্রেফতারকৃত মনফর আলীর বিরুদ্ধে অপহরণ, ধর্ষণ, চাঁদাবজিসহ অন্তত ১০টি মামলা রয়েছে।
জালালাবাদ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) অকিল উদ্দিন জানান, মনফরের কাছ থেকে ৭ রাউন্ড গুলিসহ ১টি বিদেশি রিভলবার ও একটি ছোরা জব্দ করা হয়েছে।
তিনি বলেন, মাস খানেক আগে চাঁদাবাজি মামলায় তার দুই সহযোগীকে ধরে পুলিশ। তাদের ছাড়িয়ে নিতে তার লোকজন ইটপাটকেল নিক্ষেপের পাশাপাশি মনফর পুলিশকে লক্ষ্য করে গুলি ছোড়েন। ওই ঘটনায় তিন পুলিশ আহত হন। কর্তব্য কাজে বাধা দেওয়ার ঘটনায় তার বিরুদ্ধে মামলা করা হয়।
স্থানীয়রা অভিযোগ করেন, সদর উপজেলার চেঙেরখাল নদী থেকে ড্রেজার মেশিন দিয়ে বালু উত্তোলনের পাশাপাশি অন্যান্য ড্রেজার মেশিন ও বালু-পাথরবাহী নৌকা থেকে চাঁদা আদায়ের ঘটনায়ও থানায় মামলা রয়েছে।
সম্প্রতি চাঁদাবাজি মামলায় গ্রেফতার তার দুই সহযোগী আদালতে দেওয়া ১৬৪ ধারায় জবানবন্দিতে মনফরের অপরাধ সম্রাজ্যের তথ্য দেন। এরপর পুলিশ তাকে গ্রেফতার করে।
বার্তাবাজার/ডব্লিওএস