রাষ্ট্রপতি আব্দুল হামিদ বলেছেন, জনপ্রতিনিধিদের কারো ক্ষমতা দেখানো উচিত নয়। নির্বাচনের সময় রাজনৈতিক নেতাদের অনেকের আচরণ ভালো থাকলেও পরে তা পাল্টে যায়। নির্বাচিত হয়ে অনেকে নিজেকে ‘মুই কি হনুরে’ ভাবসাব ধরেন। যেটি কারো কাম্য নয়।
শুক্রবার (১১ অক্টোবর) বিকেলে কিশোরগঞ্জের হাওর উপজেলা মিঠামইনে মুক্তিযোদ্ধা আবদুল হক সরকারি ডিগ্রি কলেজ সংলগ্ন মাঠে আয়োজিত সুধী সমাবেশে রাষ্ট্রপতি মো. আবদুল হামিদ এসব কথা বলেন।
রাষ্ট্রপতি বলেন, কখনো হাওরের শিকড়ের কথা আমি ভুলিনি। বরং জীবনভর এই হাওর ও এলাকার মানুষদের নিয়ে চিন্তা করেছি। প্রতিটি হাওরেই কৃষকের সুবিধার জন্য সাবমার্সেবল রাস্তা করা হচ্ছে।
আবদুল হামিদ বলেন, নিকলী এলাকা থেকে গুণধর পর্যন্ত রাস্তা আছে। ওই রাস্তার নাম দিয়েছে আমার নামে। রাস্তাটার সেনশন আমি করে দিয়েছিলাম। কিন্তু হাওরে এ রকম রাস্তা বানানোর সুযোগ নেই। যে কারণে কিশোরগঞ্জ জেলা শহরের সঙ্গে যোগাযোগ ফ্লাইওভারের মাধ্যমে করার পরিকল্পনা রয়েছে।
এ সময় রাষ্ট্রপতি মিঠামইনে সেনানিবাসের দক্ষিণ থেকে চার কিলোমিটার ফ্লাইওভার করে মরিচখালী-কিশোরগঞ্জ সড়কের সঙ্গে সংযোগ করে দেয়ার পরিকল্পনার কথা জানান।
মিঠামইন উপজেলা পরিষদের চেয়ারম্যান আছিয়া আলমের সভাপতিত্বে সুধী সমাবেশে বক্তব্য রাখেন কিশোরগঞ্জ-৪ আসনের সংসদ সদস্য ও রাষ্ট্রপতির বড় ছেলে রেজওয়ান আহাম্মদ তৌফিক, জেলা পরিষদের চেয়ারম্যান অ্যাডভোকেট মো. জিল্লুর রহমান, জেলা আওয়ামী লীগের সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক ও পিপি শাহ আজিজুল হক প্রমুখ।
বার্তাবাজার/ডব্লিওএস