বার্তা বাজারে সংবাদ প্রকাশ, সরকারি জায়গা দখলমুক্ত করলেন ইউএনও

বগুড়ার শেরপুর উপজেলার ভবানীপুর ইউনিয়নের ছোনকা বাজারের পিছনে ছোনকা মৌজাস্থ সরকারের ১ নং খাস খতিয়ানভূক্ত ছোনকা পুকুরের পাড় অবৈধভাবে দখল করে ঘর উঠাচ্ছিলেন জনৈক আলহাজ, জুড়ান, মুকুল ও দুল্লা।

এই ঘটনায় গত ৭ অক্টোবর নির্ভরযোগ্য জাতীয় দৈনিক অনলাইন পত্রিকা বার্তা বাজারে “শেরপুরে সরকারি জায়গা দখল করে ইটের বাড়ি নির্মান” নামক শিরোনামে একটি সংবাদ প্রকাশ হয়।

এরই প্রেক্ষিতে ১১ অক্টোবর শুক্রবার বিকেল সাড়ে ৪ টার দিকে মোবাইল কোর্টেও মাধ্যমে অভিযান চালিয়ে অবৈধভাবে দখলকারীদের উচ্ছেদ করেন এবং আনুমানিক ৪০,০০,০০০/-(চল্লিশ লক্ষ) টাকা মূল্যের ৮ শতক জায়গা উদ্ধার করেন উপজেলা নির্বাহী অফিসার ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মোঃ লিয়াকত আলী সেখ।

এ সময় তাকে সহায়তা করেন শেরপুর থানা-পুলিশের এস আই পুতুল মোহন্তসহ সঙ্গীয় পুলিশ সদস্যরা এবং ভবানীপুর ইউনিয়ন ভূমি অফিসের ইউনিয়ন ভূমি সহকারী কর্মকর্তা মোশাররফ হোসেন।

এ ব্যাপারে উপজেলা নির্বাহী অফিসার মো. লিয়াকত আলী সেখ বলেন, অবৈধভাবে দখলকারীদের উচ্ছেদ ও ৮ শতক জায়গা উদ্ধার করে ইউনিয়ন ভূমি সহকারী কর্মকর্তাকে বুঝিয়ে দেয়া হয়েছে। সরকারী জমি অপদখলের কোন সুযোগ নেই।

এছাড়া মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা সরকারী জমি অপদখলমুক্ত করতে বিশেষ নির্দেশনা দিয়েছেন। আসুন সরকারী জমি যাতে অপদখল না হয় সেজন্য সবাই সজাগ থাকি। তিনি এ সময় সকলকে অপদখলদার বিষয়ে তথ্য দিয়ে সহযোগিতা করার আহবান জানান।

বার্তাবাজার/এম.কে

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর