চট্টগ্রামে নবনির্মিত সুইমিং কমপ্লেক্স শেখ রাসেলের নামে করার ঘোষণা

চট্টগ্রাম এমএ আজিজ স্টেডিয়াম সংলগ্ন আউটার স্টেডিয়ামে নবনির্মিত আন্তর্জাতিক মান সম্পন্ন সুইমিং কমপ্লেক্স বঙ্গবন্ধুর কনিষ্ঠ পুত্র শেখ রাসেলের নামে নামকরণের ঘোষণা দিয়েছেন চ.সি.ক মেয়র আ জ ম নাছির উদ্দীন।

শুক্রবার (১১ অক্টোবর) সকালে বাংলাদেশ সুইমিং ফেডারেশনের ব্যবস্থাপনায় চট্টগ্রাম জেলা ক্রীড়া সংস্থা কর্তৃক আয়োজিত ‘শেখ রাসেল বয়সভিত্তিক সাঁতার প্রতিযোগিতার’ উদ্বোধনকালে মেয়র এ ঘোষণা দেন।

মেয়র নাছির বলেন, নানান প্রতিবন্ধকতা ও জটিলতা পার করে এই সুইমিং কমপ্লেক্স করা হয়েছে। এই সুইমিং পুলে দেশে প্রথমবারের মত শেখ রাসেলের নামে সাঁতার প্রতিযোগিতা শুরু হচ্ছে। চট্টগ্রামে এ প্রতিযোগিতার আয়োজন করতে পেরে আমরা ধন্য।

সুইমিং ছবি- বার্তাবাজার

প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনার আন্তরিকতায় যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের সহযোগিতায় এ সুইমিং কমপ্লেক্স নির্মাণ করা সম্ভব হয়েছে। প্রায় সাড়ে ১১ কোটি টাকা ব্যয়ে নির্মিত এ সুইমিং কমপ্লেক্স নির্মাণের ফলে সৃষ্টি হয়েছে জাতীয় ও আন্তর্জাতিক মানের সাঁতারু হওয়ার সম্ভাবনা।

উল্লেখ্য, গত ১০ সেপ্টেম্বর সুইমিং কমপ্লেক্সের আনুষ্ঠানিক উদ্বোধন করেন যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী মোহাম্মদ জাহিদ আহসান রাসেল। ২০১৭ সালের মার্চে চট্টগ্রাম আউটার স্টেডিয়ামে এক একর জায়গাজুড়ে নির্মিত সুইমিং কমপ্লেক্সটি নির্মাণে ব্যয় হয়েছে ১১ কোটি ৬১ লাখ টাকা। আন্তর্জাতিক মান সম্পন্ন এই সুইমিং কমপ্লেক্সে রয়েছে ৫০ মিটার দৈর্ঘ্য, ২২ মিটার প্রস্থ এবং ১ দশমিক ৮ মিটার গভীর ৮ লাইনের একটি সুপেয় পানির সুইমিং পুল, অত্যাধুনিক ড্রেসিং রুম, প্লেয়ার্স লাউঞ্জ, দেড় হাজার দর্শক ধারণক্ষমতা সম্পন্ন গ্যালারি, পিউর ওয়াটার প্ল্যান্ট, ডিপ টিউবওয়েল সহ ২৫০ কেভি’র বিদ্যুৎ সাবস্টেশন এবং নিজস্ব পার্কিং ব্যবস্থা।

বার্তাবাজার/এম.কে

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর