ফেনী সদর উপজেলার ফাজিলপুর ইউনিয়নের যুবলীগ নেতা রবিউল হক মানিককে কুপিয়ে হত্যা করেছে দুর্বৃত্তরা। সে ইউনিয়ন যুবলীগের কার্যকরী কমিটির সদস্য। মানিক ফাজিলপুর ইউনিয়নের ৮ নং ওয়ার্ডের নুরুল হকের একমাত্র ছেলে। তবে এখন পর্যন্ত হত্যার কারণ জানতে পারেনি পুলিশ।
স্থানীয়দের বরাতে ফেনী সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আলমগীর হোসেন বার্তা বাজার কে জানান, বৃহস্পতিবার রাত সাড়ে ১১টার দিকে বাজার থেকে বাড়ি ফেরার সময় একদল দুর্বৃত্ত মানিককে এলোপাতাড়ি কুপিয়ে পালিয়ে যায়। পরে স্থানীয়রা তাকে মুমূর্ষু অবস্থায় উদ্ধার করে ফেনী সদর হাসপাতালে নিয়ে যান। সেখানে কর্তব্যরত চিকিৎসক মানিককে মৃত ঘোষণা করেন।
তবে এখন পর্যন্ত হত্যার কারণ জানা যায়নি। নিহতের লাশ ময়না তদন্তের জন্য ফেনী সদর হাসপাতালের মর্গে রয়েছে। তার শরীরে ৭-৮টি কোপের চিহ্ন রয়েছে।
২৫০ শয্যা বিশিষ্ট ফেনী জেনারেল হাসপাতালের কর্তব্যরত চিকিৎসক নুরুল আলম জানান, রাতে পুলিশ হাসপাতালে একটি মৃতদেহ রেখে যায়, মৃতদেহের গায়ে কোপের চিহ্ন রয়েছে।
ইউনিয়ন যুবলীগের সাধারণ সম্পাদক মোশারফ হোসেন মিয়াজী জানান, মানিক ইউনিয়ন যুবলীগের কার্যকরী কমিটির সদস্য। সে একজন সহজ-সরল মানুষ। তার সাথে কারো বিরোধ নেই। সে পেশায় একজন রংমিস্ত্রি।