আবরারের পরিবার জামায়াত-শিবির, এমন কথা আমি বলিনি: এসপি

বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয়ের (বুয়েট) ছাত্র আবরার ফাহাদের পারিবার জামায়াত-শিবিরের রাজনীতির সঙ্গে জড়িত বলে কুষ্টিয়া পুলিশ সুপারের যে বক্তব্য গণমাধ্যমে প্রচার করা হচ্ছে তা মিথ্যা বলে দাবি করেছেন পুলিশ সুপার (এসপি) এস এম তানভীর আরাফাত।

এ বিষয়ে জানতে চাইলে বৃহস্পতিবার টেলিফোনে কুষ্টিয়ার এসপি তানভীর আরাফাত বলেন, আবরারের পরিবার জামায়াত-শিবির করে এমন কোনো কথা আমি এসপির দায়িত্বে থেকে বলতে পারি না। ভূঁইফুর কিছু গণমাধ্যম উদ্দেশ্যপ্রণোদিতভাবে আমার বরাত দিয়ে এসব নিউজ করছে। আমি এর তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাচ্ছি। কুষ্টিয়া পুলিশ সুপারের কার্যালয় থেকে এ বিষয়ে প্রতিবাদ পাঠানো হয়েছে।

এস এম তানভীর আরাফাত স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে জানানো হয়, পুলিশের ভাবমূর্তি নষ্ট করতেই এমন বিভ্রান্তি ছড়ানো হচ্ছে।

প্রেস বিজ্ঞপ্তিতে বলা হয়, বুধবার বিকাল সাড়ে ৪টায় বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয়ের ভিসি সাইফুল ইসলাম কুষ্টিয়ায় উপস্থিত হয়ে কুষ্টিয়া জেলা প্রশাসক, পুলিশ সুপার, কুষ্টিয়া জেলা আওয়ামী লীগের সভাপতি, সেক্রেটারি, জেলা পরিষদের চেয়ারম্যান, সদর উপজেলা পরিষদের চেয়ারম্যানসহ স্থানীয় আওয়ামী লীগের নেতাকর্মীদের সঙ্গে নিয়ে নিহত আবরার ফাহাদের গ্রামের বাড়ি কুষ্টিয়া জেলার কুমারখালী থানার রায়ডাঙ্গা গ্রামে গিয়ে পৌঁছান। সেখানে তারা ফাহাদের দাদা, বাবা, চাচা ও আত্মীয়স্বজনদের সঙ্গে নিয়ে ফাহাদের কবর জিয়ারত করেন। কবর জিয়ারত শেষে তার বাবা ও আত্মীয়স্বজনদের সঙ্গে সাক্ষাৎ করে ভিসি মহোদয় ঢাকায় ফিরে যান এবং পুলিশ সুপার, জেলা প্রশাসক, কুষ্টিয়াসহ অন্যান্যরা কুষ্টিয়া ফিরে আসেন।

বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, ‘কিছু কিছু গণমাধ্যম পুলিশ সুপার কুষ্টিয়ার উদ্ধৃতি দিয়ে বিভ্রান্তি সৃষ্টির লক্ষ্যে প্রচার করছে যে, আবরার ফাহাদের পরিবার জামাত-শিবির। কিন্তু পুলিশ সুপার সেখানে কোনো বিষয়ে বক্তব্য দেননি। কিছু স্বার্থান্বেষী মহল অতিরঞ্জিত করে রাজনৈতিক উদ্দেশ্য হাসিল ও পুলিশের ভাবমূর্তি খুন্ন করার জন্য এসব মিথ্যা প্রোপাগান্ডা ছড়াচ্ছে, যা অনাকাঙ্ক্ষিত ও অনভিপ্রেত।’

প্রসঙ্গত, রোববার দিবাগত রাত ৩ টায় বুয়েটের শের-ই- বাংলা হলের দ্বিতীয় তলা থেকে আবরারের লাশ উদ্ধার করা হয়। নিহত ফাহাদ বুয়েটের তড়িৎ ও ইলেকট্রনিক প্রকৌশল বিভাগের দ্বিতীয় বর্ষের (১৭তম ব্যাচ) শিক্ষার্থী ছিলেন। তিনি শের-ই- বাংলা হলের ১০১১ নম্বর কক্ষে থাকতেন। আবরারের গ্রামের বাড়ি কুষ্টিয়ার কুমারখালী উপজেলার রায়ডাঙ্গা গ্রামে।

বার্তাবাজার/কে.জে.পি

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর