নিখোঁজের পর ৫ দিন নতুন বেশে উদ্ধার কলেজ ছাত্র

ভোলার বোরহানউদ্দিনে নিখোঁজের ৫ দিন পর সরকারি আব্দুল জব্বার কলেজের দ্বাদশ শ্রেণির ছাত্র ফয়সালকে নতুন বেশে মাদ্রাসা থেকে উদ্ধার করেছে পুলিশ।

বৃহস্পতিবার সন্ধ্যায় উপজেলার গঙ্গাপুর ইউনিয়নের কাসেমিয়া কারিয়ানা মাদ্রাসা থেকে ওই ছাত্রকে উদ্ধার করা হয়।পুলিশ জানায়, নিখোঁজ ওই ছাত্রকে একটি চক্র দেশের বিভিন্ন স্থানে ঘুরিয়ে-ফিরিয়ে তাকে গঙ্গাপুর ইউনিয়নের কাসেমিয়া কারিয়ানা মাদ্রাসায় এনে রাখে।

গোপন সংবাদের ভিত্তিতে তাকে উদ্ধার করা হয়। তবে নিখোঁজের আগে সে টি-শার্ট পরিহিত থাকলেও উদ্ধারের পরে তাকে পাঞ্জাবি ও পাগড়ি পরিহিত অবস্থায় পাওয়া যায়।

বোরহানউদ্দিন সরকারি আব্দুল জব্বার কলেজের দ্বাদশ শ্রেণির ছাত্র মো. ফয়সাল আহম্মেদ (১৭) রোববার বিকালে কলেজ থেকে বাড়িতে ফেরার সময় নিখোঁজ হন। এ ঘটনায় নিখোঁজ ছাত্র ফয়সালের বাবা ৭ অক্টোবর মো. ফারুক বোরহানউদ্দিন থানায় একটি সাধারণ ডায়েরি করেন।

ফয়সালের বাবা ফারুক আহম্মেদ জানান, প্রতিদিনের মতো ফয়সাল সকালে কলেজে যায়। দুপুর ২টার মধ্যে বাড়িতে না আসলে তাকে বিভিন্ন আত্মীয়-স্বজনদের বাড়িতে খুঁজতে থাকি। তাকে কোথায়ও খুঁজে পাওয়া যায়নি।

বোরহানউদ্দিন থানার ওসি মো. এনামুল হক জানান, এ ঘটনায় হাসনাইন নামে একজনকে আটক করা হয়েছে। এর অন্তরালে কোনো ঘটনা আছে কিনা তদন্ত করে দেখা হচ্ছে।

বার্তাবাজার/কেএ

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর