দুর্নীতি বন্ধ না হলে সংসদ থেকে পদত্যাগের ঘোষনা মোকাব্বিরের

গণফোরামের প্রেসিডিয়াম সদস্য মোকাব্বির খান এমপি বলেছেন, ‘৫০ শতাংশ দুর্নীতি বন্ধ না হলে সংসদ সদস্য পদ থেকে পদত্যাগ করবো।’

বৃহস্পতিবার জাতীয় প্রেস ক্লাবে গণফোরাম আয়োজিত সংবাদ সম্মেলনে তিনি এসব কথা বলেন।

সংবাদ সম্মেলন থেকে শীর্ষ পর্যায়ের ১২ জন দুর্নীতিবাজ ও সন্ত্রাসীকে আইনের আওতায় এনে সর্বোচ্চ শাস্তি দিতে সরকারের প্রতি আহ্বান জানিয়েছেন তিনি।

সরকারের উদ্দেশে গণফোরামের এ সংসদ সদস্য বলেন, শীর্ষ ১২ দুর্নীতিবাজ ও সন্ত্রাসীকে ধরে সর্বোচ্চ শাস্তি দিন। এতে যদি ৫০ শতাংশ দুর্নীতি বন্ধ না হয়, তাহলে আমি সংসদ সদস্য পদ থেকে পদত্যাগ করব, সভাপতির অনুমতি নিয়ে কথা দিলাম।

বুয়েট শিক্ষার্থী আবরার হত্যার বিচার ও আইন-শৃঙ্খলা পরিস্থিতির অবনতির প্রেক্ষিতে এই সংবাদ সম্মেলনের আয়োজন করা হয়।

মোকাব্বির খান বলেন, জাতীয় সংসদে সংসদ নেতাকে বলেছিলাম- দেশের শীর্ষ দুর্নীতিবাজ, শীর্ষ পর্যায়ে যারা লালন-পালন করেন, তাদের থেকে ১২ জন দুর্নীতিবাজ ও গডফাদারকে আইনের আওতায় এনে শাস্তি দিন। যেভাবে যুদ্ধাপরাধীদের বিশেষ ট্রাইব্যুনালের মাধ্যমে শাস্তি দেয়া হয়েছিল। একইভাবে কঠোর পদক্ষেপ নেন। দেখবেন, দুর্নীতি ও সন্ত্রাস নেমে যাবে।

গণফোরামের নির্বাহী সভাপতি অধ্যাপক আবু সায়ীদ, প্রেসিডিয়াম সদস্য মেজবাহ উদ্দিন, মহসীন রশিদ, যুগ্ম-সাধারণ সম্পাদক মোস্তাক আহমেদ, সাংগঠনিক সম্পাদক লতিফুল বারি হামিম, ফরিদা ইয়াসমিন প্রমুখ সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন।

বার্তাবাজার/ডব্লিওএস

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর