আবহমান গ্রামবাংলার ঐতিহ্যবাহী নৌকা বাইচ নেচে-গেয়ে ও আনন্দ-উল্লাস করে উপভোগ করেছেন সিরাজগঞ্জের বিনোদনপ্রেমী লাখো মানুষ। বৃহস্পতিবার (১০ অক্টোবর) বিকেল ৩ টার দিকে জেলা পরিষদের আয়োজনে যমুনা নদীর হার্ডপয়েন্টে গ্রাম-বাংলার ঐতিহ্যবাহী নৌকা বাইচ প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়।
জেলা পরিষদের চেয়ারম্যান ও জেলা আ’লীগের সভাপতি আব্দুল লতিফ বিশ্বাস (সাবেক মন্ত্রী) এর সভাপতিত্বে এ প্রতিযোগিতার উদ্বোধন করেন সিরাজগঞ্জ-২ (সদর ও কামারখন্দ) আসনের সংসদ সদস্য অধ্যাপক ডা. হাবিবে মিল্লাত মুন্না।
নৌকা বাইচ প্রতিযোগিতায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা প্রশাসক ডঃ ফারুক আহম্মেদ ও পুলিশ সুপার টুটুল চক্রবর্তী। এ সময় নৌকা বাইচ পরিচালনা করেন, জেলা সেচ্ছাসেবক লীগের সভাপতি ও জেলা পরিষদের সদস্য নুরুল ইসলাম সজল।
এ প্রতিযোগিতায় সিরাজগঞ্জ, টাঙ্গাইল, পাবনা, সরিষাবাড়ি ও জামালপুরসহ বিভিন্ন জেলার প্রায় ৩০ টি নৌকার বাইসালরা অংশগ্রহণ করে।
অনুষ্ঠানকে প্রাণবন্ত করতে সকাল থেকেই উন্মুক্ত মঞ্চে মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠানের পাশাপাশি আবহমান বাংলার নানা সংস্কৃতি তুলে ধরা হয়। প্রতিযোগিতা দেখতে অনুষ্ঠানস্থলে (যমুনা নদীর হার্ডপয়েন্টে) লক্ষাধিক লোকের সমাগমে আনন্দে ভরে ওঠে যমুনার হার্ডপয়েন্ট এলাকা।
বৈঠা টান দিওরে পাটের বাজার চড়া, জিততে পারলে খাইতে দিব ইলিশ মাছের বড়া- এমন জারি গানের তালে তালে মাঝি মাল্লারা নৌকা বাইচ প্রতিযোগিতায় অংশগ্রহণ করে। পরে প্রতিযোগিতায় বিজয়ীদের মধ্যে উপহার তুলে দেয়া হয়।
বার্তাবাজার/এম.কে