দেশের চলমান পরিস্থিতি নিয়ে জরুরি বৈঠক করেছে বিএনপি

দেশের চলমান পরিস্থিতি নিয়ে জরুরি বৈঠক করেছে বিএনপি। বুধবার বিকাল ৫টা ২০ মিনিটের দিকে গুলশানে বিএনপি চেয়ারপারসনের রাজনৈতিক কার্যালয়ে দলের সর্বোচ্চ নীতিনির্ধারণী ফোরাম জাতীয় স্থায়ী কমিটি এ বৈঠকে বসে।

টানা ২ ঘণ্টা ৪০ মিনিট ধরে চলা এ বৈঠক রাত ৮টায় শেষ হয়। যুগান্তরকে বিষয়টি জানিয়েছেন বিএনপি চেয়ারপারসনের মিডিয়া উইং সদস্য শায়রুল কবির খান। তিনি জানান, বৈঠক সম্পর্কে জানাতে বৃহস্পতিবার বিএনপির নয়াপল্টন কেন্দ্রীয় কার্যালয়ে সংবাদ সম্মেলন করা হবে।

বৈঠকে উপস্থিত ছিলেন স্থায়ী কমিটির সদস্য ড. খন্দকার মোশাররফ হোসেন, ব্যারিস্টার মওদুদ আহমদ, মির্জা আব্বাস, ড. আবদুল মঈন খান, গয়েশ্বর চন্দ্র রায়, আমীর খসরু মাহমুদ চৌধুরী, বেগম সেলিমা রহমান ও ইকবাল হাসান মাহমুদ টুকু।

লন্ডন থেকে ভিডিও কনফারেন্সের মাধ্যমে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান বৈঠকে সভাপতিত্ব করেন বলে দলীয় সূত্রে জানা গেছে।

সম্প্রতি প্রধানমন্ত্রী শেখ হাসিনার জাতিসংঘের অধিবেশনে যোগদান, ভারত সফর ও ভারতের সঙ্গে বিভিন্ন চুক্তির বিষয় নিয়ে বৈঠকে আলোচনা হয়। এ ছাড়া বুয়েট শিক্ষার্থী আবরার হত্যাকাণ্ড পরিস্থিতি নিয়েও আলোচনা হয় বলে জানায় বিএনপি সূত্র।

বার্তাবাজার/কেএ

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর