বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয়ের (বুয়েট) শেরে বাংলা হলের আবসিক শিক্ষার্থী আবরার ফাহাদকে পিটিয়ে হত্যার প্রতিবাদে সন্ত্রাসমুক্ত নিরাপদ ক্যাম্পাসের দাবিতে মোমবাতি প্রজ্জ্বলন কর্মসূচি পালন করেছে ইসলামী বিশ্ববিদ্যালয়ের (ইবি) শিক্ষার্থীরা।
বুধবার (৯ অক্টোবর) সন্ধ্যা ৭টায় বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় শহীদ মিনারে এ মোমবাতি কর্মসূচি পালন করে তারা। মোমবাতি প্রজ্জ্বলনের আগে একটি বিক্ষোভ মিছিল বিভিন্ন আবাসিক হল ও গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে কেন্দ্রীয় শহীদ মিনারে সমবেত হয়।
পরে সংক্ষিপ্ত সমাবেশে আবরার হত্যার প্রতিবাদ করে অপরাধীদের দৃষ্টান্তমূলক শাস্তি দাবি করে বিভিন্ন বিভাগের শিক্ষার্থীরা বক্তব্য রাখেন। বক্তারা আবরার হত্যাকান্ডের সুষ্ঠু বিচার নিশ্চিত করার দাবি জানান। তারা এসময় খুনীদের দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিত করার কথা বলেন।
জানা যায়, গত ৬ অক্টোবর আবরার ফাহাদকে রাত আটটার দিকে শেরে বাংলা হলের ১০০১ নং থেকে ২০১১নং কক্ষে ডেকে নিয়ে যায় বুয়েট ছাত্রলীগের নেতাকর্মীরা। পরে রাত আড়াইটার দিকে হলের সিঁড়ির পাশে আবরারের দেহ পড়ে থাকতে দেখে ডাক্তারকে খবর দিলে তিনি এসে তাকে মৃত ঘোষণা করেন।
বার্তাবাজার/এম.কে