আবরার হত্যার প্রতিবাদে জবিতে মানববন্ধন ও বিক্ষোভ মিছিল

বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয়ের (বুয়েট) শিক্ষার্থী আবরার ফাহাদ হত্যার প্রতিবাদ ও জড়িতদের দ্রুত বিচারের দাবিতে মানববন্ধন ও বিক্ষোভ মিছিল করেছে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের শিক্ষক সমিতি ও সাধারণ শিক্ষার্থীরা।

প্রতিবাদ হিসেবে বিশ্ববিদ্যালয়ের ‘রঙ্গভূমি’ নামের একটি নাট্য সংগঠন ক্যাম্পাসে ঘুরে ঘুরে পথনাট্য প্রদর্শন করে। এদিকে ছাত্রদলের বিক্ষোভ মিছিলে ছাত্রলীগ কর্মীদের হামলার ঘটনাও ঘটেছে।

আজ বুধবার বেলা ১১টায় বিশ্ববিদ্যালয়ের শহীদ মিনারে সাধারণ শিক্ষার্থীরা মানববন্ধন ও বিক্ষোভ মিছিল বের করেন। এর আগে সকাল ৯টায় বিক্ষোভ মিছিল করে জগন্নাথ বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রদলের নেতাকর্মীরা এবং বেলা ১২টায় ক্যাম্পাসে মানববন্ধন করেন জগন্নাথ বিশ্ববিদ্যালয় শিক্ষক সমিতি।

ছবি- বার্তাবাজার

সাধারণ শিক্ষার্থীদের মানববন্ধনে বক্তারা বলেন, আমরা আজকে শুধু আবরার হত্যাকান্ডের বিচার চাইতে আসিনি। গত ১৯ বছরে বিশ্ববিদ্যালয় গুলোতে যত হত্যাকান্ড হয়েছে সবগুলোর বিচার করতে হবে। এই দেশের সংবিধান আমাকে কথা বলার অধিকার দিয়েছে।

যারা এই অধিকার কেড়ে নিবে আমরা তার প্রতিবাদ করবই। ১৯৫২ সালে আমরা ভাষার জন্য আন্দোলন করেছি, ২০১৯ সালে এসে আজকেও আমাদের অধিকার নিয়ে কথা বলার জন্য আন্দোলন করতে হচ্ছে। মানববন্ধন শেষে শিক্ষার্থীরা বিক্ষোভ মিছিলটি জবি ক্যাম্পাস ও আশপাশের রাস্তাঘাট এলাকায় করেন।

বিক্ষোভ মিছিলে ‘আমার ভাই মরল কেন, প্রশাসন জবাব চাই’, ‘হলে হলে সন্ত্রাস, রুখ দাঁড়াও ছাত্র সমাজ’, ‘দিয়েছি রক্ত, আরও দেবো রক্ত’, ‘রক্তের বন্যায় ভেসে যাবে অন্যায়’, ‘শিক্ষা-সন্ত্রাস, একসাথে চলবে না’, ‘সন্ত্রাসীদের কালো হাত, ভেঙে দাও গুঁড়িয়ে দাও’, ‘জেগেছে রে জেগেছে ছাত্র সমাজ জেগেছে’ এ ধরনের বিভিন্ন স্লোগান।

বুধবার সকাল ৯টায় জগন্নাথ বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রদলের নেতাকর্মীরা আবরার হত্যার প্রতিবাদে বিক্ষোভ মিছিল করেন। মিছিলে শাখা ছাত্রলীগের নেতাকর্মীরা পিছন থেকে ধাওয়া করলে ছাত্রদল কর্মীরা পালিয়ে যায়। এসময় ৫ ছাত্রদল নেতা-কর্মী আহত হন।

এবিষয়ে জবি ছাত্রদলের সভাপতি রফিকুল ইসলাম বলেন, আমাদের ক্যাম্পাস আমাদের শিক্ষা প্রতিষ্ঠান। আমরা ক্যাম্পাসে নিয়মিত আসবো। এতে কেউ বাধা দিলে এর জবাব ক্যাম্পাসেই দেয়া হবে।

জবি শিক্ষক সমিতির সাধারণ সম্পাদক ড. নুর মোহাম্মদের স ালনায় প্রধান অতিথির বক্তব্যে জবি উপাচার্য অধ্যাপক ড. মীজানুর রহমান বলেন, জগন্নাথ বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে ছাত্রের উপর ছা‌ত্রের হামলাকারী‌দের কঠোর শা‌স্তির ব্যবস্থা করা হ‌বে। ছা‌ত্রের উপর হামলা কোন ছাত্রের কাজও নয়। ছাত্র হি‌সে‌বে সক‌লের মত প্রকা‌শের স্বাধীনতা আ‌ছে। আমি জানি না বু‌য়েট ভিসি, হল প্রোভোস্টের দায়িত্বের অবহেলার কারণে এটি ঘটেছে কিনা ! যাইহোক দ্রুত ট্রাইব্যুনালের মাধ্যমে এই ঘটনার বিচার করতে হবে।

তিনি আরো বলেন, আমি যতদিন থাকবো ততদিন যদি কোন খুনি , সন্ত্রাসী ,শিবির জঙ্গিও অপরাধ করে এদের বিরুদ্ধে কোন ছাত্র হাত তুললে সেই ছাত্রের বিরুদ্ধে আমরা ব্যাবস্থা নিবই নিব। এক্ষেত্রে অভিযোগ দিলেও ব্যবস্থা অথবা না দিলেও প্রমাণ পেলেই আমরা ব্যবস্থা নেবো। আজকে সকালের ঘটনা নিয়েও যদি কেউ অভিযোগ দেয়, তদন্ত সাপেক্ষে আমরা এর বিচার করব।

বার্তাবাজার/এম.কে

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর