তিতাসের অভিযানে ১২শত বাসাবাড়ির অবৈধ গ্যাস সংযোগ বিচ্ছিন্ন

তিতাস গ্যাস ট্রান্সমিশন এন্ড ডিস্ট্রিবিউশন কোম্পানি লিমিটেড (জোবিঅ) সাভার জোনাল বিপনন অফিস আশুলিয়া থানাধীন শ্রীপুরের সিটবাড়ী এলাকা এবং জিরানীর টেঙ্গুরি এলাকার দুইটি ‘স্পটে’ অবৈধ গ্যাস সংযোগ বিচ্ছিন্নকরণ অভিযান চালিয়েছে। বুধবার (৯ অক্টোবর) সকাল থেকে বিকাল পর্যন্ত পরিচালিত এই অভিযানে আনুমানিক ২ কিলোমিটার ব্যাপী অবৈধ বিতরণ লাইন তুলে ফেলা হয় এবং ১২শত বাসাবাড়ির অবৈধ গ্যাস সংযোগ বিচ্ছিন্ন করা হয়। অভিযান চলাকালে অবৈধ সংযোগ কাজে নেয়া রাইজার এবং ২ ইঞ্চি বিতরণ পাইপগুলি খুলে জব্দ করা হয়েছে।

সাভার তিতাস গ্যাস ট্রান্সমিশন এন্ড ডিস্ট্রিবিউশন কোম্পানি লিমিটেড (জোবিঅ) এর ব্যবস্থাপক প্রকৌশলী আবু সাদাত মোঃ সায়েম, এর নেতৃত্বে পরিচালিত অভিযানে উপস্থিত ছিলেন- উপ-ব্যবস্থাপক আমিরুল ইসলাম, উপ-ব্যবস্থাপক মহিউদ্দিন, সহ-ব্যবস্থাপক আব্দুল মান্নান, সহ-ব্যবস্থাপক সাকিব বিন আব্দুল হান্নান, সহ-কর্মকর্তা এহসানুল হক, সহ-ব্যবস্থাপক ইদ্রিস আলী, ঠিকাদার মোঃ মনির হোসেন সহ তিতাসের কারিগরি টিমের প্রায় ৮০ জন শ্রমিক।

অভিযানের ব্যাপারে সাভার তিতাস গ্যাস ট্রান্সমিশন এন্ড ডিস্ট্রিবিউশন কোম্পানি লিমিটেড (জোবিঅ) এর ব্যবস্থাপক প্রকৌশলী আবু সাদাত মোঃ সায়েম জানান, ‘আজকে সকাল থেকে শুরু হওয়া অভিযানে আশুলিয়ার ধামসোনা ইউনিয়নের সিটবাড়ী এবং জিরানীর টেঙ্গুরি এই দুইটি অংশে অভিযান পরিচালনা করে অবৈধ সংযোগগুলি বিচ্ছিন্ন করেছি। এই দুই এলাকার প্রায় ২ কিলোমিটার ব্যাপী অবৈধ বিতরণ লাইন তুলে ফেলেছি এবং আনুমানিক প্রায় ১২শত বাসাবাড়ীতে নেয়া অবৈধ সংযোগ বিচ্ছিন্ন করেছি।

এই অবৈধ সংযোগ গ্রহনকারী এবং তাদেরকে যারা সংযোগ প্রদান করেছে এদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেয়া হবে বলেও জানান তিনি।

বার্তা বাজারকে এসময় তিনি আরও জানান, এসব বাড়ীর মালিকদের বিরুদ্ধে আমরা আইনী প্রক্রিয়ার ভিতরেও যাবো।

সাভার জোনাল বিপনন অফিসের আন্ডারে সব অবৈধ গ্যাস লাইন পর্যায়ক্রমে বিচ্ছিন্ন করা হবে এবং নিয়মিত এ অভিযান মাস জুড়ে চলবে বলেও জানান তিনি।

প্রসঙ্গত, অভিযান চলাকালে ওই এলাকায় যেকোনো প্রকার অপ্রীতিকর ঘটনা এড়াতে আশুলিয়া থানার উপ-পরিদর্শক ওহিদ মিয়া এর নেতৃত্বে বিপুল সংখ্যক পুলিশ মোতায়েন ছিলো।

বার্তাবাজার/কে.জে.পি

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর