আবরার হত্যার প্রতিবাদে রাজপথ অবরোধ করে শিবিরের বিক্ষোভ

বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয়ের (বুয়েট) ছাত্র আবরার ফাহাদ রাব্বীকে পিটিয়ে হত্যার ঘটনায় প্রতিবাদে ও খুনিদের ফাঁসির দাবিতে রাজধানীর ভাটারায় বিক্ষোভ মিছিল করেছে ইসলামী ছাত্র শিবিরের ঢাকা মহানগর উত্তর।

বুধবার (৯ অক্টোবর) সকাল ৮টার দিকে প্রগতি সরণিতে ইসলামী ছাত্র শিবিরের ঢাকা মহানগর উত্তরের ব্যানারে ওই বিক্ষোভ মিছিল হয়। এ সময় রামপুরা-বিমানবন্দর সড়কে প্রচণ্ড যানজটের সৃষ্টি হয়। মিছিলটি কুড়িল বিশ্বরোডে গিয়ে শেষ হয়।

এতে বক্তারা বলেন, দেশের সম্পদ রক্ষার কথা বলায় দেশসেরা শিক্ষার্থীকে যেভাবে পিটিয়ে মারল ছাত্রলীগ, তাতে বোঝা যায় দেশ এখন কাদের দখলে।

মিছিলের পরে একটি সংক্ষিপ্ত সভায় বক্তারা বলেন, ছোটবেলা থেকেই মেধাবী ছিলেন। ক্লাসে প্রথম ছাড়া দ্বিতীয় হননি। আবরার ফাহাদ ২০১৫ সালে কুষ্টিয়া জেলা স্কুল বিজ্ঞান বিভাগ থেকে এসএসসি পরীক্ষায় গোল্ডেন ‘এ’ পেয়ে উত্তীর্ণ হন। পরে এইচএসসি বিজ্ঞান বিভাগে ভর্তি হন ঢাকা নটর ডেম কলেজে। সেখান থেকে ২০১৭ সালে এইচএসসি পরীক্ষাতেও গোল্ডেন ‘এ’ প্লাসসহ উত্তীর্ণ হন।

পরে বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয়ে (বুয়েট) ইলেকট্রিক ও ইলেকট্রনিক্স বিভাগে ২০১৭-১৮ শিক্ষাবর্ষে ভর্তি হন। ফাহাদ সেখানে শেরেবাংলা হলের ১০১১ নম্বর কক্ষের আবাসিক ছাত্র ছিলেন।

রোববার দিবাগত রাত ৩টার দিকে বুয়েটের শেরেবাংলা হলের ২০১১ নম্বর কক্ষে মদ পান করে ছাত্রলীগের হিংস্র হায়নারা ৬ ঘণ্টা ধরে নির্মম নির্যাতন চালিয়ে হত্যা করে দেশপ্রেমী এই মেধাবী ছাত্রকে।

এ সময় তারা দ্রুত বিচার ট্রাইব্যুনালে আবরার ফাহাদের খুনিদের বিচারের দাবি জানান।

বার্তাবাজার/কে.জে.পি

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর