বাঁচতে চায় ব্লাড ক্যান্সারে আক্রান্ত দশম শ্রেণীর ছাত্র আবিদ

ঘাতক ব্যাধি ব্লাড ক্যান্সারে আক্রান্ত ফরিদপুরের আলফাডাঙ্গা উপজেলার জাটীগ্রাম মমতাজউদ্দীন মেমোরিয়াল মাধ্যমিক বিদ্যালয়ের মেধাবী ছাত্র ও উপজেলার বারইপাড়া গ্রামের তৈয়বুর রহমান তারা মিয়ার পুত্র আবিদ শেখ বাঁচতে চায়।

আবিদের পরিবার এখনো স্বপ্ন দেখছে, সুস্থ হয়ে অন্যদের মতো হাসি-খুশি জীবন কাটাবে। এজন্য তার চিকিৎসা প্রয়োজন।চিকিৎসার জন্য সহযোগিতার হাত বাড়ানোর আকুতি জানিয়েছে অসহায় পরিবারটি।

জানা যায়, স্কুল শিক্ষার্থী আবিদ ছয় মাস আগে অসুস্থ হয়।পরে বিভিন্ন হাসপাতালে কয়েকমাস চিকিৎসার পরে গত ৩০ সেপ্টেম্বর বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিক্যাল বিশ্ববিদ্যালয় হাসপাতালের চিকিৎসকরা জানিয়েছেন তার ব্লাড ক্যান্সার হয়েছে।এরপর বঙ্গবন্ধু শেখ মুজিব বিশ্ববিদ্যালয়ের চিকিৎসক ডাঃ মুহাম্মাদ কামাল হোসেনের তত্ত্বাবধানে চিকিৎসা করানো হয়।

ক্যান্সারে আক্রান্ত স্কুলছাত্রের মা রোকসানা বেগম বার্তা বাজারকে জানান, ‘কাজ করে সংসার ও ছেলে মেয়ের লেখাপড়ার খরচ চালাই। আমার ছেলের ক্যান্সার হয়েছে এটা শুনার পর থেকেই আমাদের পরিবারের সবার ঘুম হারাম হয়েছে।তাকে চিকিৎসা করার জন্য অনেক টাকা প্রয়োজন।কিন্তু আমাদের পরিবারের সেই সামর্থ্য নেই।আমি সবার কাছে আমার ছেলের জন্য সাহায্য চাই।’

ব্লাড ক্যান্সারে আক্রান্ত জাটীগ্রাম মমতাজউদ্দীন মেমোরিয়াল মাধ্যমিক বিদ্যালয়ের দশম শ্রেণির ছাত্র আবিদ শেখ বার্তা বাজারকে বলেন, ‘আমি বাঁচতে চাই, সবার সাথে স্কুলে যেতে চাই। লেখাপড়া শেষ করে একটা চাকরি করে মা-বাবার অভাব গোছাতে চাই। আমার কপাল খারাপ, গরিব ঘরের ছেলে আমি। কিন্তু খুব বড় একটা অসুখ হয়ে গেল আমার। আমার চিকিৎসায় সবার সহযোগিতা চাই। সবার দোয়া চাই।’

জাটীগ্রাম মমতাজউদ্দীন মেমোরিয়াল মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক কৃষ্ণ চন্দ্র মন্ডল বার্তা বাজারকে জানান “আবিদ ছেলেটা ভাল ছিল,লেখাপড়ায় তার বেশ মন ছিল।কিন্তু হঠাৎ করে কি যেন হয়ে গেল। তাকে বাঁচাতে সমাজের সকলের এগিয়ে আসা উচিত। সকলের আর্থিক সহযোগিতা পেলে সে চিকিৎসা করতে পারে।আমরা চাই তার চিকিৎসায় সবাই তাকে সহযোগিতা করুক।”

আবিদকে সাহায্য পাঠানোর ঠিকানা ও যোগাযোগঃ
মোবাইলঃ ০১৭৪৩৪৩৮৯০৬ ( আবিদের মাতা),০১৯১৪৮২৭৬২১ (বিকাশ,ব্যক্তিগত)।

বার্তাবাজার/কে.জে.পি

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর