ময়মনসিংহে মণ্ডপের সামনে প্রতিমা বিসর্জনের আগে বন্ধুর ছুরিকাঘাতে এক কলেজছাত্র নিহত হয়েছে।
মঙ্গলবার রাত ৯টার দিকে শহরের গোলপুকুরপাড় মণ্ডপের সামনে এ হত্যাকাণ্ডের ঘটনা ঘটে বলে জানান কোতোয়ালি থানার ওসি মাহমুদুল ইসলাম।
নিহত শাওন (২০) ময়মনসিংহ কমার্স কলেজের দ্বিতীয় বর্ষের ছাত্র এবং শহরের নাটকঘর লেন এলাকার শুভাশিস ভট্টাচার্যের ছেলে।
ওসি মাহমুদুল প্রাথমিক তদন্তের তথ্য দিয়ে বলেন, মণ্ডপের সামনে প্রতিমা বিসর্জনের আগে নাচ-গানের একপর্যায়ে বন্ধুদের সঙ্গে শাওনের বাগবিতণ্ডা হয়। এ সময় কেউ একজন শাওনকে ছুরিকাঘাত করে। স্থানীয়রা তাকে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।
পুলিশ ঘটনা তদন্তসহ খুনি ধরার চেষ্টা করছে বলে তিনি জানান।
বার্তাবাজার/ডব্লিওএস