বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয়ের (বুয়েট) মেধাবী আবরার ফাহাদের মৃত্যু কোনোভাবেই মেনে নিতে পারছেন না তার পরিবার আত্মীয়স্বজন এবং প্রতিবেশিরা। আর বৃদ্ধ দাদা আবদুল গফুর বিশ্বাস তো প্রতীক্ষায় দিন গুনছেন যে নাতি ফিরে আসবেন। যে প্রতীক্ষার কোনো শেষ নেই।
কুষ্টিয়ার কুমারখালী উপজেলার রায়ডাঙ্গা গ্রামের ৮৭ বছর বয়স্ক এই বৃদ্ধ বুয়েট ছাত্রলীগের নির্মমতার বলি হওয়া শিক্ষার্থী আবরার ফাহাদের দাদা। বয়সের ভারে স্মৃতিশক্তি লোপ পেলেও আবরারকে নিয়ে কিছু ঝামেলা হয়েছে সেটি তিনি বুঝতে পেরেছেন।
মঙ্গলবার (৮ অক্টোবর) সকাল আটটার দিকে আবরার ফাহাদের মরদেহ বহনকারী অ্যাম্বুলেন্স যখন তার গ্রামের বাড়িতে পৌঁছালো তখনো আব্দুল গফুর বিশ্বাসকে কিছুই জানানো হয়নি। তাকে সবকিছুর আড়ালে রাখার একটা প্রচেষ্টা পরিবার-পরিজনদের।
একসাথে এতো আত্মীয়-স্বজন, প্রতিবেশী আর গ্রামের লোকজনকে দেখে সবার কাছে জানতে চান কী হয়েছে? অনেকেই কথা দিয়ে এটা সেটা বোঝানোর চেষ্টা করছেন, অনেকে আবার পাশ কাটিয়ে নীরবে চলে যাচ্ছেন। আবদুল গফুর ঠিকই মনে করতে পারলেন।
ব্যাকুল হয়ে জানতে চাইলেন, তোমরা না গত কালকে বললা আমার নাতি এক্সিডেন্ট করেছে? আজকে বাড়ি আসবে। আমার নাতি বাড়িতে আসছে না কেন, আর আমার বাড়িতে এতো লোকজন কেন? কিছু প্রশ্নের উত্তর হয় না। নির্বাক দর্শকদের ভূমিকা পালন করা ছাড়া খুব বেশি কিছু করা সম্ভব হয়নি।
বার্তাবাজার/ডব্লিওএস