ফরিদপুরের আলফাডাঙ্গায় বেলুনে গ্যাস ভরার সিলিন্ডার বিস্ফোরণে তিনজন আহত হয়েছেন। মঙ্গলবার বিকাল ৩টার দিকে উপজেলার সদর ইউনিয়নের শুকুরহাটা চরপাড়া এলাকায় এ দুর্ঘটনা ঘটেছে।
সরেজমিনে জানা যায়, দুর্গাপূজার মেলা উপলক্ষে রেজাউল শেখের জামাতা গ্যাস বেলুন বিক্রেতা সুমন শেখ বাড়ীর উঠানে বেলুনে গ্যাস ঢুকানোর কাজে গ্যাস সিলিন্ডার ব্যবহার করে।একপর্যায়ে গ্যাস সিলিন্ডারটি হঠাৎ বিকট শব্দে বিস্ফোরিত হয়।
এতে ঘটনাস্থলে থাকা বাড়ীর পাশের হাফিজার মোল্যার ছেলে সালাউদ্দিন মোল্যা (১৭),সাহিদুল মোল্যার ছেলে আকাশ মোল্যা (১১) ও ইনসান শেখের ছেলে নাবিল (১২) গুরুতর আহত হয়েছে।
এলাকাবাসী আহতদের দ্রুত উদ্ধার করে প্রথমে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স নিয়ে যায়।সেখানে তাদের অবস্থা আশঙ্কাজনক হলে উন্নত চিকিৎসার জন্য ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে স্থানান্তর করা হয়।
এদিকে গ্যাস সিলিন্ডার বিস্ফোরণে রেজাউল শেখের ঘরের বেড়া ও আতিয়ার মোল্যার টিনের ঘরের চালা উড়ে গিয়ে লন্ডভন্ড হয়ে গেছে। এবিষয়ে সদর ইউনিয়ন চেয়ারম্যান এ.কে.এম আহাদুল হাসান (আহাদ) ঘটনার সত্যতা নিশ্চিত করে বার্তা বাজারকে বলেন,”বেলুনে গ্যাস ঢুকানোর সময় সিলিন্ডারটি বিস্ফোরিত হয়ে এ দুর্ঘটনা ঘটে।
এতে আহতদের উদ্ধার করে হাসপাতালে ভর্তি করা হয়েছে।” এদিকে গ্যাস সিলিন্ডার বিস্ফোরণের বিকট শব্দে এলাকায় আতংকের সৃষ্টি হলে শতশত লোক ঘটনাস্থলে এসে জড়ো হয়।
বার্তাবাজার/কেএ