আবরার হত্যার প্রতিবাদে বশেমুরবিপ্রবিতে মোমবাতি প্রজ্বলন

গোপালগঞ্জের বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (বশেমুরবিপ্রবি) এর শিক্ষার্থীরা মোমবাতি প্রজ্বলন করে বুয়েটের মেধাবী ছাত্র আবরার ফাহাদের হত্যার প্রতিবাদ জানিয়েছে৷

মঙ্গলবার (০৮ অক্টোবর) সন্ধ্যা সাড়ে ৭ টার দিকে বিশ্ববিদ্যালয়ে মোমবাতি প্রজ্বলন করে আবরার হত্যার প্রতিবাদ জানায় তারা।

এর আগে সোমবার (০৭ অক্টোবর) বিকাল সাড়ে ৫টার দিকে বিশ্ববিদ্যালয়টির বিজয় দিবস ও স্বাধীনতা দিবস হলের সামনে থেকে আবরার হত্যার প্রতিবাদে একটি বিক্ষোভ মিছিল বের করেন শিক্ষার্থীরা।

এ বিক্ষোভ মিছিলটি বিশ্ববিদ্যালয়ের গুরুত্বপূর্ণ সড়ক হয়ে অবশেষে জয়বাংলা চত্বরে অবস্থান নেয়। এ সময় শিক্ষার্থীরা ফাহাদ হত্যার বিচারের দাবিতে বিভিন্ন স্লোগান দিতে থাকেন এবং দোষীদের অবিলম্বে ফাঁসি নিশ্চিত করার দাবি জানান।

উল্লেখ্য, রবিবার (০৬ অক্টোবর) রাত ৩ টার দিকে বুয়েটের সাধারণ ছাত্র ও বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ ফাহাদকে শেরে বাংলা হলের প্রথম ও দ্বিতীয় তলার মাঝামাঝি স্থানে অচেতন অবস্থায় উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে নিয়ে যান।

সোমবার (০৭ অক্টোবর) সকাল সাড়ে ৬টার দিকে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

বার্তাবাজার/এম.কে

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর