ময়মনসিংহে সোনা চুরির মামলায় গ্রেপ্তার হয়েছেন মহানগর আওয়ামীলীগের সদস্য মালিক মো.শহীদুল্লাহসহ পাঁচজন।মঙ্গলবার (৮ অক্টোবর) বিকালে তাদের আদালতের মাধ্যমে জেল-হাজতে পাঠানোর কথা জানিয়েছে পুলিশ।
গ্রেপ্তারকৃতরা হলেন ময়মনসিংহ মহানগর আওয়ামীলীগের সদস্য নগরীর আরিফ জুয়েলার্সের সত্ত্বাধিকারী মালিক মো: শহীদুল্লাহ (৪০), কর্মচারী আব্দুল মতিন (৩৫), মৌচাক জুয়েলার্সের মালিক অনিল চন্দ্র পাল (৪০), ত্রিশাল উপজেলার আশরাফুল জুয়েলার্সের মালিক আবুল কালাম (৪৫), ও দিঘারকান্দা মহল্লার আনোয়ার হোসেন হিরু’র ছেলে হৃদয় হোসেন (২৫)।
কোতোয়ালী মডেল থানার ওসি (তদন্ত) খন্দকার শাকের আহম্মেদ জানান, গত ৫ সেপ্টেম্বর নগরীর দিঘারকান্দা মহল্লার মোফাজ্জল হোসেনের বাড়ীতে প্রায় ৩০ ভরি সোনার অলংকার চুরি হয়।
এঘটনায় মোফাজ্জল হোসেন বাদী হয়ে ৮ সেপ্টেম্বর অজ্ঞাতদের আসামী করে থানায় মামলা করেন। গেল সোম ও মঙ্গলবার নগরীর বিভিন্ন জায়গায় অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয়।
হৃদয় হোসেন নামে একজনকে সন্দেহমূলক ভাবে আটক করে তার দেয়া তথ্যে গ্রেপ্তারকৃতদের কাছ থেকে ১৫ ভরি সোনা উদ্ধার করে পুলিশ। প্রাথমিক ভাবে ধারনা করা হচ্ছে গ্রেপ্তারকৃতরা চুরাই সিন্ডিকেটের সঙ্গে জড়িত।
১০দিনের রিমান্ড চেয়ে তাদের আদালতে পাঠানো হয়েছে বলে জানান ওসি (তদন্ত) খন্দকার শাকের আহম্মেদ।
বার্তাবাজার/এম.কে