জাবি শিক্ষার্থীদের মহাসড়ক অবরোধ, আবরার হত্যার বিচার দা‌বি

বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয়ের (বুয়েট) শিক্ষার্থী আবরার ফাহাদের হত্যাকারীদের ফাঁসির দাবি ও ভারতের সাথে চুক্তির প্রতিবাদে ঢাকা-আরিচা মহাসড়ক অবরোধ করেছে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের (জাবি) শিক্ষার্থীরা।

মঙ্গলবার দুপুর একটার দিকে বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় শহীদ মিনারের সামনে থেকে একটি বিক্ষোভ মিছিল বের করে বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা। পরবর্তীতে মিছিলটি বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে বিশ্ববিদ্যালয়ের প্রধান ফটক সংলগ্ন ঢাকা-আরিচা মহাসড়ক অবরোধ করে। এসময় শতাধিক শিক্ষার্থী বিক্ষোভ মিছিলে অংশগ্রহণ করে। ব্যস্ততম এই মহাসড়ক অবরোধের ফলে দীর্ঘ যানজটের সৃষ্টি হয়।

ছবি- বার্তাবাজর

অবরোধকালে বাংলাদেশ ছাত্র ইউনিয়ন জাবি শাখার সভাপতি নজির আমিন চৌধুরী জয় বলেন, ‘৭১ সালে এই বাংলার জনগণ স্লোগান দিতো- পিন্ডি (রাওয়ালপিন্ডি) না ঢাকা; আজকে আমরা স্লোগান দিলাম দিল্লি না ঢাকা।

প্রেক্ষিত পাল্টেছে, দেশ পাল্টেছে কিন্তু পরিস্থিতি পাল্টেনি। এই পূর্ববাংলা বাংলাদেশ হয়েছে কিন্তু শোষণ করার যে ক্ষমতা ছিল পশ্চিম পাকিস্তানের সেটা এখন নিয়েছে ভারত।’
এসময় শিক্ষার্থী‌দের ‘‌দি‌ল্লি না ঢাকা’ স্লোগান সহ বি‌ভিন্ন স্লোগান দি‌তে দেখা যায়।

সমাজতান্ত্রিক ছাত্র ফ্রন্টের সাধারণ সম্পাদক মোহাম্মদ দিদার বলেন, ‘এই অবরোধের দূর্ভোগ সাময়িক। কিন্তু বুয়েট ছাত্র আবরার ফাহাদের পরিবারের যে দূর্ভোগ তা দীর্ঘস্থায়ী। এই হত্যার দায় সরকার এড়াতে পারেনা। আমরা অবিলম্বে এই হত্যার সুষ্ঠু বিচার চাই।’

অবরোধের প্রায় একঘন্টা পরে বিশ্ববিদ্যালয়ের প্রো-ভিসি (শিক্ষা) অধ্যাপক নূরুল আলম, প্রক্টর আ.স. ম ফিরোজ-উল- হাসান সহ প্রক্টরিয়াল বডির সদস্যরা উপস্থিত হয়ে শিক্ষার্থীদের সাথে কথা বলেন। শিক্ষকদের অনুরোধে দুপুর আড়াইটার দিকে শিক্ষার্থীরা ঢাকা-আরিচা মহাসড়ক ছেড়ে দেয়।

অবরোধ কর্মসূচিতে জাহাঙ্গীরনগর সাংস্কৃতিক জোট, বাংলাদেশ ছাত্র ইউনিয়ন, সমজাতান্ত্রিক ছাত্র ফ্রন্ট, বাংলাদেশ সাধারণ ছাত্র অধিকার সংরক্ষণ পরিষদের নেতা-কর্মীদের পাশাপাশি সাধারণ শিক্ষার্থীরা অংশগ্রহণ করে।

বার্তাবাজার/এম.কে

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর