মুখে কাপড় বেঁধে ও অর্ধনগ্ন হয়ে মোমবাতি প্রজ্বলন করে বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয়ের (বুয়েট) ছাত্র আবরার ফাহাদকে পিটিয়ে হত্যার প্রতিবাদে মানববন্ধন করেছে সাভারের গণ বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা।
সোমবার সন্ধ্যা সাড়ে ৭টার দিকে জাতীয় স্মৃতিসৌধ প্রাঙ্গণে তারা এ কর্মসূচি পালন করেন। এতে অর্ধশতাধিক শিক্ষার্থী অংশ নেন।
এ সময় বিক্ষুব্ধ শিক্ষার্থীরা বলেন, ‘ছাত্রলীগের সন্ত্রাসীরা দিন দিন লাগামছাড়া হয়ে যাচ্ছে। সন্ত্রাসী কার্যক্রমের মাধ্যমে তারা দেশের শিক্ষাপ্রতিষ্ঠানগুলোতে ত্রাসের রাজত্ব কায়েম করেছে। তাদের কাছে আজ জাতির ভবিষ্যৎ মেধাবী শিক্ষার্থীদের জীবনের কোনো মূল্য নেই।’
তারা আরও বলেন, ‘ছাত্রলীগ আগেও বিভিন্ন ক্যাম্পাসে মেধাবী শিক্ষার্থীদের হত্যা করেছে। তাদের এই বর্বর কার্যকলাপের সর্বশেষ শিকার ফাহাদ। আমরা অবিলম্বে ফাহাদের হত্যাকারী ছাত্রলীগ সন্ত্রাসীদের দৃষ্টান্তমূলক শাস্তি দাবি করছি। অন্যথায় দেশের সব শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষার্থীরা একজোট হয়ে এ অন্যায়ের দাঁতভাঙা জবাব দেবে।’
গবি শিক্ষার্থীরা বলেন, ‘আবরার মরে যায়নি, মরেছে প্রতিটি তরুণের বাকস্বাধীনতা।’
প্রসঙ্গত, রোববার (৬ অক্টোবর) দিবাগত মধ্যরাতে বুয়েটের সাধারণ ছাত্র ও বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ আবরারকে শেরেবাংলা হলের দ্বিতীয় তলা থেকে অচেতন অবস্থায় উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে নিয়ে যান। সোমবার সকাল সাড়ে ৬টার দিকে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
এ ঘটনায় ইতোমধ্যে ছাত্রলীগের চারজনসহ ছয়জনকে আটক করেছে আইনশৃঙ্খলা বাহিনী। আটকদের মধ্যে বুয়েট শাখা ছাত্রলীগের সাধারণ সম্পাদক এবং সহ-সভাপতিও রয়েছেন।
বার্তাবাজার/ডব্লিওএস