আবরার হত্যার প্রতিবাদে ছাত্রদলের বিক্ষোভ মিছিল

বুয়েট ছাত্র আবরার ফাহাদের হত্যার প্রতিবাদে ঢাকা বিশ্ববিদ্যালয়ে বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশ করেছে জাতীয়তাবাদী ছাত্রদল।

সোমবার বিকেলে বিশ্ববিদ্যালয় এলাকায় বিক্ষোভ করে সংগঠনটি। বিক্ষোভে ছাত্রদলের কয়েকশ নেতাকর্মী অংশ নেন। বিক্ষোভ মিছিল শেষে বিশ্ববিদ্যালয়ের রাজু ভাস্কর্যের পাদদেশে এক সংক্ষিপ্ত সমাবেশ করে।

এ সময় ‘খুন হয়েছে আমার ভাই, খুনি তোদের রক্ষা নাই, জেগেছে রে জেগেছে, ছাত্রদল জেগেছে’ এসব স্লোগান দেন তারা।সমাবেশে ছাত্রদলের কেন্দ্রীয় সভাপতি ফজলুর রহমান খোকন বলেন, জাতীয়তাবাদী ছাত্রদল এই হত্যাকাণ্ডের বিচারের দাবিতে রাজপথে নেমেছে। হত্যাকাণ্ডের বিচার শেষ না হওয়া পর্যন্ত রাজপথে থাকবে।

কেন্দ্রীয় ছাত্রদলের সাধারণ সম্পাদক ইকবাল হোসেন শ্যামল বলেন, বুয়েটের মত একটি শীর্ষস্থানীয় বিশ্ববিদ্যালয়ে একজন মেধাবীকে পিটিয়ে হত্যার মাধ্যমে ছাত্রলীগ নিজেদের সন্ত্রাসী সংগঠন হিসেবে আবারও প্রমাণ করল।

এ সময় আরও বক্তব্য রাখেন ঢাকা বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রদলের সভাপতি আল মেহেদী তালুকদার, ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক হাফিজুর রহমান ও বুয়েট শাখা ছাত্রদলের সভাপতি শাফিউল মোসাব্বির শাফি প্রমুখ।

উল্লেখ্য, আজ সকালে বুয়েটের শেরেবাংলা হলের আবাসিক ছাত্র আবরার ফাহাদের মরদেহ উদ্ধার করে পুলিশ। রোববার গভীর রাতে তাকে পিটিয়ে হত্যা করা হয়েছে বলে অভিযোগ ওঠে।

বার্তাবাজার/কেএ

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর