দুর্নীতি প্রতিরোধে দুদক-টিআইবির সমঝোতা স্বাক্ষর

দুর্নীতি দমন কমিশন (দুদক) ও ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল বাংলাদেশ (টিআইবি) এর মধ্যে তৃতীয় বারের মতো সমঝোতা স্মারক স্বাক্ষরিত হয়েছে। দুর্নীতি প্রতিরোধ সংক্রান্ত কার্যক্রমকে অধিকতর বেগবান ও গতিশীল করার লক্ষ্যে এবং দুর্নীতি প্রতিরোধ সংক্রান্ত কাজে পারস্পরিক সহযোগিতার জন্য এ সমঝোতা স্মারক স্বাক্ষরিত হয়।

আজ (সোমবার) দুর্নীতি দমন কমিশনের প্রধান কার্যালয়ে দুদক সচিব মুহাম্মদ দিলোয়ার বখ্ত এর সভাপতিত্বে এ অনুষ্ঠানে দুর্নীতি দমন কমিশনের পক্ষে প্রতিষ্ঠানটির মহাপরিচালক (প্রতিরোধ) সারোয়ার মাহমুদ এবং টিআইবি’র পক্ষে এর নির্বাহী পরিচালক ড. ইফতেখারুজ্জামান সমঝোতা স্মারকে স্বাক্ষর করেন।

এসময় দুদক সচিব মুহাম্মদ দিলোয়ার বখ্ত বলেন, দুর্নীতি দমন কমিশন এবং টিআইবি’র মধ্যে সমঝোতা স্মারক ছাড়াও নিবিড় সম্পর্ক রয়েছে। টিআইবি দুর্নীতি প্রতিরোধে কাজ করে, আর দুদক দুর্নীতি প্রতিরোধ ও প্রতিকার উভয় কাজই করে থাকে।

তৃণমূল পর্যায়ে টিআইবি’র সহযোগী প্রতিষ্ঠান সনাক, দুর্নীতি প্রতিরোধ কমিটি ও সততা সংঘের সদস্যরাও কাজ করছেন। তাদের মধ্যেও নিবিড় সমন্বয় রয়েছে।

তিনি বলেন, কমিশন জনগণের আস্থা অর্জনে আইনি দায়িত্ব পালন করছে। এ দায়িত্ব পালনে জনসম্পৃক্ততার কোনো বিকল্প নেই। দুর্নীতিবিরোধী কার্যক্রমে আরো বেগবান এবং কার্যকর করার লক্ষ্যে জনগণের মতামত গ্রহণ করার সিদ্ধান্ত গ্রহণ করেছে কমিশন।

সমাজের সকল স্তর থেকে দুর্নীতি প্রতিরোধে দুদক-কে সহযোগিতার আহ্বান জানিয়ে দুদক সচিব বলেন, সবাই সহযোগিতা করলে কার্যকরভাবে দুর্নীতি প্রতিরোধ করা সম্ভব হবে।

এসময় টিআইবি’র নির্বাহী পরিচালক ড. ইফতেখারুজজামান বলেন, প্রতিষ্ঠা লগ্ন থেকেই দুদকের সাথে টিআইবি’র আত্মিক সম্পর্ক রয়েছে। টিআইবি শুধু দুর্নীতি প্রতিরোধে কাজ করে, পক্ষান্তরে দুদক প্রতিরোধ ও দমন দু’টি কাজই করে। দুদক এবং টিআইবি’র লক্ষ্য এক, কিন্তু ম্যান্ডেট ভিন্ন। বর্তমানে দুদক আগের তুলনায় অনেক বেশি সক্রিয়।

বার্তাবাজার/ডব্লিওএস

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর