শেরপুর জেলা গোয়েন্দা ডিবি পুলিশ শেরপুর সদর, নকলা, নালিতাবাড়ী, ঝিনাইগাতী ও শ্রীবরদী উপজেলার বিভিন্ন স্থানে ১ সেপ্টেম্বর থেকে ৩০ সেপ্টেম্বর পর্যন্ত এক মাসে অভিযান চালিয়ে বিপুল পরিমান মাদক উদ্ধার করেছে।
এসব ৩১টি অভিযানে চিহ্নিত মাদক ব্যবসায়ী ও মাদক সেবনকারীসহ ১০১ জনকে গ্রেফতার এবং সংশ্লিষ্ট থানায় ৪৪টি মামলা দায়ের করেছে ডিবি পুলিশ।
ডিবি পুলিশ সূত্রে জানা গেছে, পুলিশ সুপার কাজী আশরাফুল আজীম পিপিএম এর নিদের্শে জেলা গোয়েন্দা ডিবির (ওসি) মোঃ মোখলেছুর রহমান এর নেতৃত্বে ডিবির উপ-পরিদর্শক (এসআই) আব্দুস সালাম, মোঃ নজরুল ইসলাম, নুরুল হুদা, সাইদুর রহমান, মোঃ জুবায়ের খালিদ, এএসআই মোঃ হাবিবুর রহমান চকদার, মোঃ মনোয়ার হোসেন, মোঃ রেজাউল করিম, আরিফ, ফরহাদ, সোহেল রানা ও ইউসুফ আলীসহ সঙ্গীয় ফোর্স এক মাসে শেরপুর জেলার সদর উপজেলা, নকলা, নালিতাবাড়ী, ঝিনাইগাতী ও শ্রীবরদী উপজেলার বিভিন্ন স্থানে দিবারাত্রী অভিযান চালিয়ে ইয়াবা ট্যাবলেট, হেরোইন, ভারতীয় মদ, চোলাই মদ ও গাঁজাসহ বিপুল পরিমান মাদক দ্রব্য উদ্ধার করেছে এবং এসব উদ্ধারকৃত মাদকের আনুমানিক মূল্যে ১৩ লাখ ১৩ হাজার ৫৫০ টাকা।
ডিবি পুলিশের সেপ্টেম্বর মাসের সফল অভিযানের মধ্যে শেরপুর সদর উপজেলায় ৮টি অভিযান, ১২টি মামলা, গ্রেফতার ২২ জন, নকলা উপজেলায় ১টি অভিযান, ১টি মামলা, গ্রেফতার ১ জন, নালিতাবাড়ী উপজেলায় ১০টি অভিযান, ১৫টি মামলা, গ্রেফতার ৩২ জন, ঝিনাইগাতী উপজেলায় ৫টি অভিযান, ৭টি মামলা, গ্রেফতার ১৩ জন, শ্রীবরদী উপজেলায় ৭টি অভিযান, ৯টি মামলা, গ্রেফতার ৩৩ জনসহ ১০১ জন মাদক ব্যবসায়ী ও মাদক সেবীকে গ্রেফতার করা হয়। পরে ধৃতদের আদালতে মাধ্যমে শেরপুর জেলা কারাগারে প্রেরণ করা হয়েছে।
ডিবি পুলিশ সূত্র আরও জানিয়েছে, শেরপুর জেলা সদরসহ পাঁচ উপজেলার বিভিন্ন স্থানে এক মাসের সফল অভিযানে গ্রেফতারের পর বাকী মাদক ব্যবসায়ী এবং মাদক সেবনকারীরা অনেকেই গা ঢাকা দিয়েছে।
এছাড়াও শেরপুর জেলাকে মাদকমুক্ত করতে অভিযান অব্যাহত থাকবে বলে জেলা গোয়েন্দা ডিবির (ওসি) মোঃ মোখলেছুর রহমান এমনটাই জানিয়েছেন।
বার্তাবাজার/এম.কে