আবরার হত্যার বিচারে দল না দেখার আহ্বান জাসদের

বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয়ের (বুয়েট) ইলেক্ট্রিক্যাল এন্ড ইলেক্ট্রনিক্স বিভাগের দ্বিতীয় বর্ষের ছাত্র আবরার ফাহাদ হত্যাকাণ্ডের বিচারে দল বা মুখ না দেখার আহ্বান জানিয়েছে জাতীয় সমাজতান্ত্রিক দল জাসদ।

সোমবার এক যৌথ বিবৃতিতে দলটির সভাপতি হাসানুল হক ইনু ও সাধারণ সম্পাদক শিরীন আখতার এ আহ্বান জানান। একই সাথে তারা বুয়েট শিক্ষার্থী আবরার ফাহাদকে পিটিয়ে হত্যার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছেন।

বিবৃতিতে নেতারা বলেন, কোনো অবস্থাতেই এ ধরনের নৃশংসতাকে প্রশ্রয় দেয়া যাবে না। দল বা মুখ না দেখে দ্রুততম সময়ের মধ্যে খুনিদের গ্রেফতার ও বিচারের দাবি জানান তারা।

উল্লেখ্য, রোববার (৬ অক্টোবর) দিবাগত মধ্যরাতে বুয়েটের সাধারণ ছাত্র ও বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ ফাহাদকে শেরেবাংলা হলের দ্বিতীয় তলা থেকে অচেতন অবস্থায় উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে নিয়ে যান। সোমবার (৭ অক্টোবর) সকাল সাড়ে ৬টার দিকে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

বার্তাবাজার/ডব্লিওএস

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর