অস্ত্রের মুখে জিম্মি করে দুই বোনকে গনধর্ষণ, গ্রেফতার ২

অস্ত্রের মুখে জিম্মি করে সড়ক থেকে ধরে নিয়ে এক সঙ্গে আপন দুই বোনকে ধর্ষণের অভিযোগে দুই যুবককে গ্রেফতার করেছে পুলিশ।রোববার (৬ অক্টোবর) রাতে শ্রীপুর থানা পুলিশ তাদের গ্রেফতার করে।

গ্রেফতারকৃতরা হলেন, গাজীপুরের শ্রীপুরের মো. নূরুর ছেলে মো. রাজ্জাক (৩৫) ও একই এলাকার আকাব্বর আলীর ছেলে আজিজুল হক (২৫)।

পুলিশ ও মামলা সূত্রে জানা গেছে, গত ৩০ সেপ্টেম্বর সকালে ওই দুই বোন একটি ফার্নিচারের দোকানে যাওয়ার জন্য বাসা থেকে বের হন। কিছু দূর যাওয়ার পর বনের ভেতর সড়কে মো. রাজ্জাক ও আজিজুল হক তাদের পথরোধ করেন। একপর্যায়ে ধারালো অস্ত্রের মুখে দুই বোনকে জিম্মি করে রাজ্জাকের বাড়িতে নিয়ে যাওয়া হয়। পরে, একই ঘরের ভেতর আটকে রেখে রাজ্জাক ও আজিজুল হক তাদের ধর্ষণ করেন। এ ঘটনার ভিডিও মোবাইলে ধারণ করে দুপুরে তাদের ছেড়ে দেওয়া হয়। পরে, ভুক্তভোগীরা বাসায় ফিরে ঘটনাটি তাদের মাকে জানান।

এ ঘটনায় ধর্ষণের শিকার ছোট বোন বাদী হয়ে শনিবার (৫ অক্টোবর) শ্রীপুর থানায় মো. রাজ্জাক ও আজিজুল হককে আসামি করে একটি মামলা দায়ের করেন। পরে, পুলিশ অভিযান চালিয়ে রোববার (৬ অক্টোবর) রাতে তাদের গ্রেফতার করে।

শ্রীপুর থানার পরিদর্শক (অপারেশন) তারিকুজ্জামান বিষয়টি নিশ্চিত করে বলেন, অভিযোগের প্রেক্ষিতে মো. রাজ্জাক ও আজিজুল হককে আটক করে আদালতে পাঠানো হয়েছে। এছাড়া ভুক্তভোগী ওই দুই বোনকে স্বাস্থ্য পরীক্ষার জন্য রোববার (৬ অক্টোবর) গাজীপুর শহীদ তাজউদ্দীন আহমদ মেডিক্যাল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।

বার্তাবাজার/ডব্লিওএস

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর