চট্টগ্রামে অবৈধ উপায়ে পণ্য খালাসকালে ৩টি ট্রাক আটক

রাজস্ব ফাঁকি দিতে ভুয়া বিল অব এন্ট্রি দেখিয়ে বন্দর থেকে পণ্য খালাসকালে জেপি শিটের বিরাট একটি চালান আটক করেছে কাস্টম কর্তৃপক্ষ।

রোববার (৬ অক্টোবর) সন্ধ্যায় জাতীয় গোয়েন্দা সংস্থার তথ্যের ভিত্তিতে কাস্টম হাউসের কর্মকর্তাদের সই নকল করা বিলের মাধ্যমে জাপান হতে আমদানিকৃত জেপি শীট খালাসকালে পণ্য ভর্তি ৩টি ট্রাক আটক করে কাস্টম হাউজের কর্মকর্তা। আটককৃত ট্রাকগুলোর নম্বর হচ্ছে-ঢাকামেট্রো ট-২২৭৪২৮, ফেনী ট- ১১০৮০৩, ফেনী ট-১১০৭৮৮।

বন্দর ও কাস্টম সূত্রে জানা গেছে, জাপান হতে ঢাকার আমানুল্লাহ আয়রন ট্রেডার্সের নামে তিনটি কন্টেইনারে ৪৩ হাজার ৩০ কেজি জেপি শিট বন্দরে আসে। চালানটি খালাসের সময় ৩ হাজার ৩০ কেজি কম পণ্যের ওজন দেখিয়ে তিনটি ট্রাকে পণ্য লোড করা হয়।

এ বিষয়ে রাজস্ব কর্মকর্তাদের সন্দেহ হলে তারা কাগজ খতিয়ে দেখেন বিল অব এন্ট্রিতে রাজস্ব কর্মকর্তাদের সই জাল করে অবৈধ উপায়ে পণ্যের ওজন কম দেখানো হয়েছে। ৪৩ হাজার ৩০ কেজির পরিবর্তে মাত্র ৪০ হাজার কেজি ওজন উল্লেখ করা হয়েছে। বিষয়টি নিশ্চিত হওয়া মাত্র পণ্য বোঝাই করা ৩টি ট্রাক বন্দর নিরাপত্তা কর্তৃপক্ষের হেফাজতে নেয়া হয়।

কাস্টম হাউজের উপ কমিশনার নূর উদ্দিন মিলন বলেন, প্রাথমিকভাবে ধরা হচ্ছে রাজস্ব ফাঁকি দেয়ার উদ্দেশ্যেই এভাবে কাগজ জালিয়াতি করা হয়েছে। এছাড়া অন্য কোন কারণ আছে কিনা তাও খতিয়ে দেখা হবে এবং এর সাথে জড়িত সি এন্ড এফ এজেন্ট সহ সংশ্লিষ্ট সকলকে জিজ্ঞাসাবাদ করা হবে।

তিনি আরো বলেন, বর্তমানে চালানটি যাতে কোনক্রমে কেহ খালাস করতে না পারে তার জন্য সিস্টেম লক করে রাখা হয়েছে।

বার্তাবাজার/এম.কে

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর